বাউলশিল্পীর হাত ভেঙে দিলেন ইউপি চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সখীপুরে সালিসি বৈঠকে হোসেন আলী (২২) নামের এক বাউলশিল্পীর হাত লাঠি দিয়ে পিটিয়ে ভেঙে দিলেন ইউপি চেয়ারম্যান। গত মঙ্গলবার উপজেলার বহেড়াতৈল বাজারে এক সালিসি বৈঠকে এ ঘটনা ঘটে। আহত বাউলকে চার দিন ধরে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।এ ব্যাপারে গত বৃহস্পতিবার রাতে সখীপুর থানার বহেড়াতৈল ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মঞ্জুকে বিবাদী করে ওই বাউলশিল্পী হোসেন আলী একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, একটি তুচ্ছ ঘটনায় উপজেলার ঘাটেশ্বরী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে বাউলশিল্পী হোসেন আলীর বিরুদ্ধে গত মঙ্গলবার বহেড়াতৈল বাজারে বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান মঞ্জুর নেতৃত্বে একটি সালিসি বৈঠক বসে। ওই বৈঠকে বাউলশিল্পী হোসেন আলী, তাঁর বাবা জয়নাল আবেদীন ও মোশাহেদকে (১৮) অভিযুক্ত করে মারপিট করা হয়। একপর্যায়ে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে বাউলশিল্পী হোসেন আলীকে লাঠি দিয়ে পেটাতে থাকেন। এতে তাঁর বাঁ হাত ভেঙে যায়। পরে ওই দিনই হোসেন আলীকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত বাউলশিল্পী হোসেন আলী অভিযোগ করেন, ‘গত নির্বাচনে ওই চেয়ারম্যানের পক্ষে নির্বাচন না করায় প্রতিহিংসামূলকভাবে আমাকে সালিসের নামে মারপিট করা হয়েছে।’ নাম প্রকাশে অনিচ্ছুক ওই বৈঠকে উপস্থিত এক আওয়ামী লীগের নেতা বলেন, কিছু বুঝে ওঠার আগেই চেয়ারম্যান লাঠি দিয়ে পেটাতে থাকেন। এভাবে পেটানো তাঁর ঠিক হয়নি। অভিযুক্ত চেয়ারম্যান মনিরুজ্জামান মঞ্জুর কাছে জানতে চাইলে তিনি প্রতিহিংসার কথা অস্বীকার করে বলেন, সুষ্ঠু মীমাংসার স্বার্থে জুরি বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাকে সামান্য মারপিট করা হয়েছে। এ ব্যাপারে সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, ‘এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি।’