বাউলসম্রাটের বাড়িতে হামলা, গানবাজনা বন্ধের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে বাউলসম্রাট শাহ আবদুল করিমের বাড়িতে গতকাল সোমবার সন্ধ্যায় সশস্ত্র হামলা হয়েছে। ওই বাড়িতে গানবাজনা বন্ধ করতে স্থানীয় ইউপি সদস্য লাল মিয়ার নেতৃত্বে একদল দুর্বৃত্ত এই হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলার সময় বাউলসম্রাটের দুই ভাগনের স্ত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।প্রত্যক্ষদর্শী ও বাউলসম্রাটের পরিবার সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার তাড়ল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য প্রতিবেশী লাল মিয়ার নেতৃত্বে ১৪-১৫ জন রামদা, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বাউলসম্রাটের বাড়ি যায়। এ সময় ওই বাড়িতে গানের আসর চলছিল। লাল মিয়া গান বন্ধ করার নির্দেশ দিলে বাড়ির লোকজন তা মেনে নিতে রাজি হননি। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে সশস্ত্র ব্যক্তিরা বাড়ির লোকজনের ওপর হামলা চালায়। এ সময় বাউলসম্রাটের দুই ভাগনে-বউকে তারা শারীরিকভাবে লাঞ্ছিত করে। একজন ভাগনে-বউ অভিযোগ করেন, লাল মিয়া তাঁদের গানবাজনা আর না করতে বলেন। তাঁর কথা তাঁরা মেনে না নিলে এই হামলা চালানো হয়।প্রত্যক্ষদর্শীরা বলেন, লাল মিয়া রামদা দিয়ে বাউলসম্রাটের চার বছরের নাতি নূর আলম ওরফে ঝলককে কোপাতে গেলে তার চিত্কার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী উজানধল গ্রামের হুমায়ুন কবির বলেন, লাল মিয়া রামদা নিয়ে ওই বাড়িতে গিয়ে গানবাজনা চিরতরে বন্ধ করে দেওয়ার হুমকি দেন। পরে গ্রামবাসী প্রতিহত করলে তাঁরা পালিয়ে যান। বাউলসম্রাটের একমাত্র ছেলে শাহ নূর জালাল বলেন, ‘আমার বাবা জীবিত থাকাকালে লাল মিয়া বিভিন্ন সময় আমাদের বাড়িতে গানবাজনা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। আজ (সোমবার) আমার অনুপস্থিতিতে লাল মিয়া লোকজন নিয়ে এসে আমার বাড়িতে হামলা চালায়। ঘটনাটি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছি। এ ব্যাপারে ব্যবস্থা নিতে তিনি আশ্বাস দিয়েছেন।’দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুল হক প্রথম আলোকে বলেন, ‘বাউলসম্রাটের ছেলে নূর জালাল বিষয়টি আমাকে মৌখিকভাবে জানিয়ে নিরাপত্তা চেয়েছেন। আমি লাল মিয়াকে আগামীকাল (মঙ্গলবার) আমার কার্যালয়ে ডেকেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’ অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য লাল মিয়া বলেন, ‘আমি বাউলসম্রাটের বাড়িতে সোমবার যাইনি। আপনারা ভুল শুনেছেন। তবে ইউএনও কার্যালয়ে আমাকে যেতে বলা হয়েছে। কেন যেতে বলা হয়েছে তা জানি না।