বাউলসম্রাটের মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহ আবদুল করিম
শাহ আবদুল করিম

স্মরণসভা, শ্রদ্ধা নিবেদন, সংগীত পরিবেশনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল শুক্রবার বাউলসম্রাট শাহ আবদুল করিমের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে বাউল করিমের বাড়িতে ছিল ভক্ত-অনুরাগীদের ভিড়। সন্ধ্যায় বাউল শাহ আবদুল করিমের সমাধির পাশেই আয়োজন করা হয় স্মরণসভার। শাহ আবদুল করিমের একমাত্র ছেলে শাহ নূর জালালের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক অবিক সোবহান, লেখক ও সাংবাদিক দীপক চৌধুরী, সিলেটের ওসমানীনগর উপজেলার বাউল শাহ আবদুল করিম পরিষদের সভাপতি সহিদুল ইসলাম, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সুহেল আহমদ চৌধুরী প্রমুখ।
আলোচনার পর শাহ আবদুল করিমের বাড়ির প্রাঙ্গণে তাঁর সমাধির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে তাঁর বাড়িতে রাতভর বাউলগানের আয়োজন করা হয়েছে।
স্মরণসভায় বক্তারা বলেন, শাহ আবদুল করিম তাঁর গানে সাধারণ মানুষের কথা বলে গেছেন। তিনি তাঁর দর্শন ও সৃষ্টিকর্মের মাঝেই বেঁচে আছেন।
এদিকে সিলেট শিল্পকলা একাডেমী মিলনায়তনে মঞ্চস্থ হয় নৃত্যনাট্য ভাটির প্রাণ মাটির গান। নৃত্যনাট্যের মঞ্চায়ন উপলক্ষে ‘করিম কথন’ আলোচনা সভায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. সালেহ উদ্দিন প্রধান অতিথির বক্তব্য দেন।
শাহ আবদুল করিম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।