বাউলসম্রাটের শিষ্য স্বজনদের বিরুদ্ধে উল্টো মামলা
বাউলসম্রাট শাহ আবদুল করিমের আটজন শিষ্য বাউল ও আত্মীয়স্বজনের বিরুদ্ধে উল্টো মামলা হয়েছে। সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে বাউলসম্রাটের বাড়িতে হামলা মামলার অন্যতম আসামি সুজাতউল্লাহ গতকাল রোববার দুপুরে সুনামগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতে এ মামলা করেন।আসামিরা হলেন বাউলসম্রাটের ভাগ্নে গুশসাদ মিয়া, নাতি ফয়সল মিয়া, কাইয়ূম মিয়া, শুয়েব মিয়া, টিটন মিয়া, কবির উল্লাস, বুলবুল মিয়া ও সংগ্রাম মিয়া।এজাহারে বলা হয়, বাড়ির সীমানা নিয়ে বিরোধ থাকায় ২৪ মে বিকেলে ঝগড়া হলে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে সুজাতউল্লাহর ওপর হামলা চালান।মামলা দায়েরের ঘটনা শুনে বাউলসম্রাটের ছেলে শাহ নূর জালাল বলেন, ‘তাড়ল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য লাল মিয়ার নির্দেশে তাঁর চাচা সুজাতউল্লাহ এ মিথ্যা মামলা করেছেন। মামলায় যাঁদের আসামি করা হয়েছে তাঁরা সবাই বাবার আত্মীয় ও শিষ্য বাউল। গান গাওয়াই তাঁদের পেশা ও নেশা। তাঁরা মারামারিতে জড়িত এ ধরনের মিথ্যে অপবাদ দেওয়াটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। সাজানো এ মামলা করে আমাদের পুরো পরিবারকে ধ্বংস করার চেষ্টা চলছে।’দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. সালেহ বলেন, ‘আদালতে বাউলসম্রাটের শিষ্য বাউল ও আত্মীয়স্বজনের বিরুদ্ধে মামলার বিষয়ে জানি না। তবে লাল মিয়ার নেতৃত্বে ২৪ মে বাউলসম্রাটের বাড়িতে হামলা হয়েছিল, এ ঘটনার সত্যতা পেয়েছি।’