বাউলসাধনা নিষিদ্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে ৩০টি বাউল পরিবার দীর্ঘদিন ধরে নিজেদের জমিতে বসবাস ও বাউলসাধনা করে আসছেন। প্রতিবছর তাঁরা গ্রামে বাউল গানের আয়োজন করেন। বছর খানেক ধরে তাঁদের এ কাজে বাধা দিয়ে আসছেন স্থানীয় মসজিদের ইমাম ও মোড়লেরা।
বাউলদের অভিযোগ, ৩ আগস্ট ইমাম ও মোড়লেরা গ্রামে বাউলসাধনা নিষিদ্ধ করার ফতোয়া দিয়ে বাউলদের আখড়া বন্ধ করে দেন। তাঁদের লোকজনের নির্যাতনের ভয়ে ১৯ জন বাউল গ্রাম ছেড়ে যান। মোড়লদের চাপে অন্যরা তওবা পড়েন এবং মুচলেকা দিয়ে গ্রামে থাকার সুযোগ পান। এ ঘটনায় বাউল আবু বক্কর (৭৫) বাদী হয়ে গত বৃহস্পতিবার মেহেরপুর আমলী আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মতিউর রহমানের আদালতে মামলা করেন। এতে ইমাম নাসির উদ্দিন, মোড়ল আব্বাস আলীসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি দ্রুত তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য রাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে নির্দেশ দেন।
এদিকে মামলা করে গ্রামে যাওয়ার পর অভিযুক্ত ব্যক্তিরা আবু বক্করের মাথার চুল কেটে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনার পর আবু বক্কর গ্রাম থেকে পালিয়ে চুয়াডাঙ্গায় এক ভক্তের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
এদিকে এসব ঘটনার প্রতিবাদে গতকাল রোববার বেলা ১১টায় শতাধিক বাউল মেহেরপুর জেলা প্রশাসন কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন। মানববন্ধন শেষে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
মানববন্ধনে চুয়াডাঙ্গা জেলা লালন কমিটির সভাপতি মহিউদ্দিন ফকির ও সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন জুলুন শাহের নেতৃত্বে স্থানীয় শতাধিক বাউল অংশ নেন। তাঁরা বাউলদের ওপর নির্যাতন ও বাউলসাধনা নিষিদ্ধ করার ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং নির্যাতনকারীদের গ্রেপ্তার ও তাঁদের নিরাপত্তা দেওয়ার দাবি জানান।
মুসলিম উদ্দিন জুলুন শাহ বলেন, লালনের পুণ্যভূমি বলে পরিচিত এ অঞ্চলে এমন ঘটনায় তাঁরা ক্ষুব্ধ ও হতবাক।
মামলার বাদী বাউল আবু বক্কর অভিযোগ করেন, এক বছর ধরে স্থানীয় বাছামারি মসজিদের ইমামসহ মোড়লদের নির্দেশে কয়েকজন লোক বাউলদের কাজে বাধা দিয়ে আসছেন। ৩ আগস্ট মোড়লদের নির্দেশে কিছু লোক বাউলদের গ্রামছাড়া করার জন্য তাঁদের যাতায়াতের পথ বন্ধ করে দেন। এ ছাড়া কৃষিকাজে বাধা দেওয়ার জন্য তাঁরা পানি ও বিদ্যুৎ-সুবিধা বন্ধ করার পাশাপাশি বাউলদের আখড়াও বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি বেগতিক দেখে মিনাজ উদ্দিন, মোতালেব হোসেন, মিনারুল ইসলাম, কুদ্দুস শেখ, আশফাক আলী, মুসা কলিমসহ ১৯ জন বাউল স্ত্রী-সন্তান রেখে ঘরছাড়া হন। মোড়লদের চাপে অন্য বাউলেরা তওবা পড়ে মুচলেকা দিয়ে গ্রামে বসবাস করার সুযোগ পান।
জানতে চাইলে জেলা প্রশাসক মাহমুদ হোসেন বলেন, বাউলরা ঘটনার বিচার চেয়ে তাঁকে স্মারকলিপি দিয়েছেন। তিনি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য গাংনী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। চাঁদপুর গ্রামের চৌকিদার সচীন দাস বলেন, ‘বাউলরা নামাজ পড়ে না, শুধু গান-বাজনা করে। এতে মোড়লেরা ক্ষুব্ধ হয়ে গ্রামে বাউলতন্ত্র নিষেধ করে। পরে কিছু লোক বাউলদের যাতায়াতের পথে ও চাষাবাদে বাধা দেওয়াসহ একজনের চুল কেটে দিয়েছে বলে শুনেছি।’
রাইপুর ইউপির চেয়ারম্যান আলফাজ উদ্দিন বলেন, ‘ওই গ্রামের মসজিদের ইমাম ও মোড়লদের সঙ্গে বাউলদের দ্বন্দ্ব চলছে দীর্ঘদিন ধরে। মোড়লেরা বাউল সাধনা ছাড়তে বাউলদের চাপ দিয়ে আসছেন। শুনেছি এ জন্য বাউলদের ওপর নানা ধরনের অত্যাচার চালানো হয়েছে।’