বাউলসুরে মানবধর্ম উদ্ধারের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হাড়ঢুম চণ্ডালেতে, ভোজন করে এক সনেতে। বন্ধিব লিলাচলে, দয়া করো জগৎনামে’। এভাবেই গাইছিলেন একদল বাউলসাধক। তাঁরা কথা ও সুরে যখন মানবধর্ম আর সাম্যের জয়ধ্বনি করছিলেন, তখন উপস্থিত কয়েক শ ভক্ত মিশে যান ভাবজগতে।
দোতারা ও ঢোলের তালে মানবধর্মের জয়গানের বাউল মেলা প্রতিবারের মতো এবারও বসেছে মেঘনার তীর ঘেঁষে নরসিংদী পৌর শহরের কাউরিয়াপাড়ার শ্রীশ্রী বাউল ঠাকুরের আখড়ায়। মেলায় আসা বাউলদের গাওয়া গান প্রথাগত বাউলসংগীত নয়, মানবতার গান। এ গান কোনো পুঁথিতে লিপিবদ্ধ নেই। কয়েক শ বছর ধরে আরাধনা করে গুরুর কাছ থেকে এ গান আয়ত্ত করেছেন শিষ্যরা।
গত সোমবার শুরু হওয়া এ মেলা চলবে আগামী রোববার পর্যন্ত। দেশ-বিদেশ থেকে আসা বাউলসাধক ও ভক্ত পূজারিদের উপস্থিতিতে আখড়া এখন সরগরম। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মূল আখড়ায় চলছে বৈঠক। আখড়ার বৈঠক প্রচলিত বৈঠকের মতো নয়। এ বৈঠকে কেউ কথা বলেন না। শুধু সাধকের গাওয়া গানের মর্মার্থ উদ্ধার করার চেষ্টা করেন তাঁরা।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ডানকান ব্রাদার্সের চা-বাগানের রাবার প্রকল্পের ব্যবস্থাপক শংকর লাল পোদ্দার বাউল ঠাকুরের ভক্ত। প্রায় প্রতিবছরই তিনি মেলায় আসেন। শংকর লাল বলেন, জীব উদ্ধারের কিছু পথ দেখিয়েছেন বাউল ঠাকুর। সেই পথের দেখা পেতে প্রতিবছর মেলায় ছুটে আসেন তিনি।
গত বুধবার দেখা যায়, বাউলসাধক ও ভক্তদের উপস্থিতিতে আখড়া লোকারণ্য। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রীতি অনুযায়ী বছরের মাঘী পূর্ণিমা তিথিতে মেলার আয়োজন করা হয়ে থাকে। আনুষ্ঠানিকতা শুরু হয় এক মাস আগে।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, বুধবার ছিল জগদ্বন্ধু ঠাকুরের মহাপ্রসাদ বিতরণ। আজ শুক্রবার হবে দেবতা ব্রহ্মার পূজা মহাযজ্ঞ। সপ্তাহব্যাপী আয়োজনের এ পর্বটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ কারণে আয়োজকেরা আশা করছেন, প্রতিবছরের মতো আজও ভক্তদের ঢল নামবে আখড়ায়।
ভারতের কলকাতার হাওড়া থেকে আসা সুচিত্রা সাহার বয়স ৬০ বছরের ওপরে। এর আগেও বেশ কয়েকবার মেলায় আসেন তিনি। সুচিত্রা সাহা বলেন, ‘মানুষের সঙ্গে মানুষের ভাব বিনিময়ের সুখ পাবার জন্য এ মেলায় ছুটে আসি। জীবজগতের প্রেম ছাড়া কোনো ধর্ম হতে পারে না, ফেরার সময় এ বিশ্বাস নিয়ে যাব।’ আগরতলা থেকে আসা মুকুল দে বলেন, তিনি এসেছেন মানবতার আহ্বানে শামিল হতে।
শুরুর দিন থেকে দোতারা হাতে গান করে চলেছেন ঠাকুর দাস দেবনাথ। তিনি এসেছেন নরসিংদীর পলাশ থেকে। ঠাকুর দাস বলেন, ‘আমরা গানে গানে এই দেশটার মঙ্গল কামনা করছি।’
ভক্তদের মধ্যে কুমিল্লার মুরাদনগর থেকে আসা সরস্বতী দেবনাথ ও নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে আসা শিপ্রা রানী দাস জানান, তাঁরা এসেছেন ইন্দ্রিয়কে জয় করতে। সিঙ্গাপুর থেকে আসা নরসিংদী পৌর শহরের বাজিরমোড় এলাকার প্রমোদ কুমার রায় জানালেন, গানে গানে পরিবেশ ও প্রকৃতি রক্ষার কথাও বলা হচ্ছে।
এদিকে মেলা উপলক্ষে আখড়ার ভেতর ও বাইরে বসেছে কুটির, মৃৎশিল্প, ইলেকট্রনিক সামগ্রী ও মিষ্টির দোকান। মেলায় আসা স্থানীয় সাংস্কৃতিক কর্মী মো. রিয়াদ বলেন, এ ধরনের দোকান মেলার সৌন্দর্য বাড়ায়। সব ধর্মের মানুষের কাছে মেলার আকর্ষণ বাড়িয়ে দেয় কয়েক গুণ।
এবারের মেলায় সাধক ও ভক্তদের উপস্থিতি নিয়ে সন্তুষ্ট বাউল আখড়ার তত্ত্বাবধায়ক প্রাণেশ কুমার বাউল। তিনি বলেন, ভারতের বিভিন্ন রাজ্যসহ বাংলাদেশের সব প্রান্ত থেকে প্রায় ২০০ বাউলসাধক এবারের মেলায় যোগ দিয়েছেন। মানবকল্যাণ কামনায় আরাধনা করাই হলো মেলা আয়োজনের ঐতিহ্য ধরে রাখার মূল কারণ।