বাওয়ালিদের সিগারেটের আগুনের দিকে সন্দেহ তদন্ত কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে আগুন লাগার কারণ সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে পারেনি তদন্ত কমিটি। তবে জেলে-বাওয়ালিদের বিড়ি-সিগারেটের আগুন থেকে ঘটনার সূত্রপাত হতে পারে বলে তদন্ত কমিটির প্রতিবেদনে সন্দেহ করা হয়েছে।সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো তদন্ত প্রতিবেদন পাওয়ার কথা স্বীকার করে বলেন, আগুনে বনের প্রায় ৪ দশমিক ৫৪ একর জায়গা বিক্ষিপ্তভাবে পুড়ে এক লাখ ৮৬ হাজার ৩০০ টাকার বনজ সম্পদের ক্ষতি হয়েছে। এ ছাড়া আগুন নেভাতে বন বিভাগের প্রায় ৯৩ হাজার টাকা ব্যয় হয়েছে।পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের গুলিশাখালী ক্যাম্পসংলগ্ন পঁয়ষট্টিরছিলা এলাকায় গত ২০ মার্চ আগুন লাগে। প্রতিবেদনে ক্ষতিগ্রস্ত এলাকার ২৮৪টি সুন্দরীগাছসহ পাঁচ শতাধিক গাছ আগুনে সম্পূর্ণ বা আংশিক পুড়ে গেছে বলে উল্লেখ করা হয়েছে। সুন্দরীগাছ ছাড়াও রয়েছে বাইন, গেওয়া, বায়লা, সিংড়া, বলা, করমজা, আমুর প্রভৃতি।সুন্দরবন পূর্ব বিভাগের সহকারী বন সংরক্ষক মুহাম্মদ গোলাম কুদ্দুছ ভূঞার নেতৃত্বে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি গত বৃহস্পতিবার বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো-এর কাছে দেড় পাতার এ প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে অগ্নিকাণ্ডের ফলে পরিবেশগত ক্ষতি নিরূপণের কোনো চেষ্টা করা হয়নি। তবে এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা প্রতিরোধে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি কিছু সুপারিশের প্রস্তাব করা হয়েছে।স্বল্প ও মধ্যমেয়াদি সুপারিশের মধ্যে রয়েছে বনজীবী ও বন-সংলগ্ন লোকালয়ের মানুষের মধ্যে সুন্দরবনে আগুনের ক্ষতি সম্পর্কে সচেতনতামূলক প্রচার-প্রচারণা বৃদ্ধি করা, জনপ্রতিনিধিদের পাশাপাশি মসজিদের ইমাম ও স্কুলশিক্ষকদের সম্পৃক্ত করা, বনকর্মীদের টহল বৃদ্ধি করা, বনে আগুনের জন্য ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পানি ও কাদার উৎস সৃষ্টি করা, শ্যালো মেশিন ও পানির পাইপের ব্যবস্থা রাখা এবং জরুরি অবস্থা মোকাবিলার জন্য অন্তত এক লাখ টাকা বরাদ্দ রাখা।দীর্ঘমেয়াদি সুপারিশের মধ্যে রয়েছে ভোলা ও খরমা নদী এবং এ দুটি নদীর সঙ্গে সংযুক্ত অন্তত ছয়টি খাল খনন ও প্রশস্ত করা, প্রতিবছরের অক্টোবর থেকে মে মাস পর্যন্ত সময়ের জন্য বন বিভাগের নিজস্ব অগ্নিনির্বাপক সেল গঠন করা প্রভৃতি।এই তদন্ত কমিটির প্রধান ও সুন্দরবন পূর্ব বিভাগের সহকারী বন সংরক্ষক (সদর) মুহাম্মদ গোলাম কুদ্দুছ ভূঞা জানান, ২০০২ সাল থেকে প্রতিবছর ভোলা ও খরমা নদী-তীরবর্তী চাঁদপাই রেঞ্জ থেকে শরণখোলা রেঞ্জের বগি স্টেশন পর্যন্ত এলাকায় বেশ কয়েকটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাই প্রতিবেদনে প্রতিকারমূলক স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি সুপারিশ করা হয়েছে।