বাক্স্বাধীনতা-বিরোধী আইন সরকার করেনি: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আজ পর্যন্ত সংবিধানবিরোধী, বাক্‌স্বাধীনতাবিরোধী কোনো আইন এই সরকার করেনি। এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।

আজ রোববার মন্ত্রী তাঁর নির্বাচনী কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) এলাকায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮–এর ৩২ ধারা সম্পর্কে এ মন্তব্য করেন।

হাসানুল হক ইনু বলেন, প্রশাসনের কর্মচারীরা সংবিধান অনুযায়ী সংবিধানের পক্ষে আছেন। সংবিধানের বাইরে প্রশাসনের কর্মচারী ও সশস্ত্র বাহিনীর সৈনিকদের কারও পক্ষে যাওয়ার কোনো এখতিয়ার এবং অধিকার নেই। সুতরাং প্রশাসন নিয়ে, সৈনিকদের নিয়ে, সশস্ত্র বাহিনী নিয়ে যারা রাজনীতি করে, যারা রাতের আঁধারে পেছন দরজা দিয়ে ক্ষমতা দখলের পায়তারা করে, তারাই প্রশাসনের ভেতরে নাক গলায়। কোনো গণতান্ত্রিক নেতা-নেত্রী প্রশাসনের ভেতরে নাক গলায় না।

বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশ করে তথ্যমন্ত্রী বলেন, আন্দোলনের নামে অতীতে যেভাবে আগুন–সন্ত্রাস করেছেন, মানুষ পুড়িয়েছেন, যেভাবে নিরীহ মানুষকে হত্যা করেছেন, যেভাবে উসকানি দিয়েছেন, এ রকম কোনো ঘটনা যদি ঘটান, তাহলে কপালে দুঃখ আছে।

আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে গতকাল শনিবার খালেদা জিয়ার দেওয়া ছয় শর্ত সম্পর্কে হাসানুল হক ইনু বলেন, ছয় শর্তে মূলত উনি (খালেদা জিয়া) সংবিধানবহির্ভূত কথা বলেছেন এবং নির্বাচন বানচালের একটি চক্রান্তের জাল বিস্তার করেছেন। অপর দিকে রাজাকার-জঙ্গি জামায়াতকে পক্ষে রাখার জন্য নীরবতা পালন করেছেন।

এ সময় তথ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন জাতীয় নারী জোটের কেন্দ্রীয় নেত্রী আফরোজ হক রিনা, কুষ্টিয়া জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আবদুল আলীম স্বপন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলী প্রমুখ।