বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নে গত শনিবার বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই কিশোরীকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তার হওয়া সুজন মিয়া (২৮) চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি গ্রামের বাসিন্দা।সিঙ্গাইর থানার পুলিশ ও কিশোরীর পরিবার জানায়, কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী। গত শনিবার দুপুরে সে বড় বোনের সঙ্গে দাশেরহাটি গ্রামে ভগ্নিপতির ভাতিজার বিয়েতে যায়। বিকেলে বিয়েবাড়ির লোকজন কনের বাড়িতে গেলেও ভগ্নিপতির আরেক ভাতিজা সুজন ও কিশোরী বাড়িতে থাকে। সন্ধ্যায় সুজন কিশোরীকে বাড়ির একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে কিশোরী তার বড় বোনকে ঘটনা জানায়। হাসপাতালে কিশোরীর মা সাংবাদিকদের জানান, বিষয়টি সুজনের অভিভাবকদের জানালে তাঁরা উল্টো হুমকি-ধমকি দেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের জানালে বিষয়টি তাঁরা পুলিশকে জানান। রাত নয়টার দিকে পুলিশ ওই বাড়ি থেকে তাঁর মেয়েকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায় এবং সুজনকে গ্রেপ্তার করে।