বাকপ্রতিবন্ধী গৃহবধূকে হত্যা স্বামী পলাতক
পাবনার আটঘরিয়া উপজেলার সঞ্জয়পুর গ্রামের মোছাম্মদ শোভা খাতুন (২৮) নামের এক বাকপ্রতিবন্ধী গৃহবধূর লাশ গতকাল সোমবার বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূ শোভাকে হত্যার পর তাঁর লাশ পুকুরে কচুরিপানা দিয়ে ঢেকে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গৃহবধূর বাবা আমজাদ হোসেন বাদী হয়ে শোভার স্বামী, শ্বশুর-শাশুড়িসহ পাঁচজনের বিরুদ্ধে আটঘরিয়া থানায় মামলা করেছেন।এজাহারে বলা হয়, ১০ বছর আগে সঞ্জয়পুর গ্রামের মো. আলতাফ হোসেনের (৩২) সঙ্গে শোভার বিয়ে হয়। তাঁদের দুটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে আলতাফ নানা কারণে শোভাকে নির্যাতন করতেন। কিছুদিন আগে আলতাফ তাঁর শ্বশুরের কাছে ৩০ হাজার টাকা যৌতুক দাবি করেন। এ টাকা না পেয়ে শোভাকে গত রোববার দিবাগত রাতে হত্যা করেন তিনি। পরে তাঁর লাশ বাড়ির পাশের পুকুরে কচুরিপানা দিয়ে ঢেকে রাখা হয়। এ হত্যাকাণ্ডে শ্বশুরবাড়ির অন্য সদস্যরা সহযোগিতা করেন।