বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে চট্টগ্রামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। গতকাল সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম এই রায় দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রামের চন্দনাইশে ২০০১ সালে প্রতিবেশী নিমাই দে বাকপ্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণ করেন। এতে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। একই বছর ওই তরুণী একটি কন্যাসন্তান প্রসব করেন। শিশুটি এখন নগরের একটি স্কুলের তৃতীয় শ্রেণীতে পড়ে। আসামি নিমাই দে বর্তমানে পলাতক।
সরকারপক্ষের কৌঁসুলি চন্দন তালুকদার বলেন, আসামি নিমাই দে ধর্ষণের অভিযোগ অস্বীকার করলে আদালত ডিএনএ পরীক্ষার আদেশ দেন। ডিএনএ পরীক্ষায় নিমাইয়ের সঙ্গে জন্ম নেওয়া শিশুটির ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া যায়।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, মোট ১১ জন সাক্ষীর মধ্যে পাঁচজনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত গতকাল রায় ঘোষণা করেন।
চন্দন তালুকদার জানান, আদালত নিমাইকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন। পাশাপাশি শিশুটির ভরণ-পোষণের খরচ রাষ্ট্রকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, ছয় মাসের মধ্যে জরিমানার টাকা আদায় করে তা নির্যাতিত নারীকে দেওয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, তরুণীটি ধর্ষণের শিকার হয়েছিলেন ২০০১ সালের ৪ এপ্রিল। তারপর বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীর পরিবারকে মামলা থেকে বিরত রাখার চেষ্টা করেন নিমাই দে। কিন্তু বিয়ে নিয়ে গড়িমসি করলে ২০০১ সালের ৬ মে বাকপ্রতিবন্ধী তরুণীর বাবা মামলা করেন।
এ প্রসঙ্গে গত ৭ সেপ্টেম্বর ও গতকাল প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়।