বাকপ্রতিবন্ধী বৃদ্ধার পরিচয় মেলেনি
প্রায় ৬০ বছর বয়সী বাকপ্রতিবন্ধী এক নারী দেড় বছরের বেশি সময় ধরে স্বামী-সন্তানদের খুঁজে পাচ্ছেন না। বর্তমান তিনি রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের মনির হোসেনের আশ্রয়ে আছেন।
মনির হোসেন জানান, ২০১৩ সালের জানুয়ারি মাসের কোনো একদিন ভোরে দিনাজপুর থেকে ঢাকাগামী একটি বাস রংপুর-সৈয়দপুর মহাসড়কের ইকরচালী বাজারের কাছে এই বৃদ্ধাকে নামিয়ে দেয়। নামিয়ে দেওয়ার সময় পড়ে গিয়ে ওই বৃদ্ধার ডান পা ভেঙে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চাঁদা তুলে চিকিৎসা করান।
মনির হোসেন আরও জানান, কথা বলতে না পারায় ওই বৃদ্ধার স্বজনদের খুঁজে পাওয়া যায়নি। এ অবস্থায় স্থানীয় লোকজন তাঁর (মনির) বাড়ির সামনে একটি টিনের ঘর তুলে আশ্রয় দেন। এর পর থেকে ওই বৃদ্ধা বাড়ি বাড়ি ভিক্ষা করে খাচ্ছিলেন। কিন্তু বর্তমানে তাঁর অত্যন্ত দুর্দিন। তাঁর প্রতি কারও দয়া হলে খাবার জোটে, না হলে অনাহারে দিন কাটে।
ওই গ্রামের বাসিন্দা এন্দাদুল হক বলেন, আহত অবস্থায় উদ্ধার করার সময় ওই বৃদ্ধার পরনে কালো, হলুদ ও টিয়া রঙের শাড়ি পরা ছিল।
ইকরচালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোজাম হোসেন বলেন, বৃদ্ধার ইশারা-ইঙ্গিতে বোঝা যায় তাঁর বাড়ি দিনাজপুর-পঞ্চগড় অথবা নীলফামারীর কোনো এক গ্রামে। তাঁর তিন সন্তান আছে। সন্তানেরা মোটরসাইকেলে চলাফেরা করেন। প্রকৃত অভিভাবক/স্বজনেরা এখানে এসে যোগাযোগ করতে পারেন। অথবা ০১৭৪১৩৪৭৩৩৩ নম্বরে ফোন করতে পারেন।