বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, তরুণের যাবজ্জীবন
শেরপুরের ঝিনাইগাতীতে বাকপ্রতিবন্ধী এক শিশুকে (৭) ধর্ষণের দায়ে সাহেব আলী (২১) নামের এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাঈদুর রহমান খান আজ বুধবার দুপুরে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত সাহেব আলীর বাড়ি ঝিনাইগাতী উপজেলায়। বুধবার বিকেলে তাঁকে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৪ সালের ২৭ জুন দুপুরে সাহেব আলী এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে সাহেব আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সাহেব আলীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ঝিনাইগাতী থানায় মামলা করেন।
মামলার তদন্ত শেষে গত বছরের ১১ আগস্ট ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়ানুছ আলী আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ আসামিকে এই দণ্ড দেন।
এ ব্যাপারে আসামিপক্ষের আইনজীবী বলেন, তাঁরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।