বাকপ্রতিবন্ধী সহযোগীসহ চালক ঝলসে গেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লায় ট্রাকে অবরোধকারীদের দেওয়া আগুনে পুড়েছেন মজিবুর রহমান। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ছেলের জন্য মা আলেয়া বেগমের আকুতি ষ ছবি: প্রথম আলো
কুমিল্লায় ট্রাকে অবরোধকারীদের দেওয়া আগুনে পুড়েছেন মজিবুর রহমান। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ছেলের জন্য মা আলেয়া বেগমের আকুতি ষ ছবি: প্রথম আলো

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় গতকাল সোমবার ভোরে ট্রাকে পেট্রলবোমা হামলায় ঝলসে গেলেন চালক আবদুর রহমান (৪৭) ও তাঁর সহযোগী মজিবুর রহমান। মজিবুর একজন বাকপ্রতিবন্ধী।

মারাত্মক দগ্ধ অবস্থায় মজিবুরকে কুমিল্লায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। চালক আবদুর রহমান কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। আবদুর রহমান আশঙ্কামুক্ত হলেও প্রতিবন্ধী মজিবুরের শরীরের ২০ ভাগ পুড়ে গেছে।

দেবীদ্বার থানা-পুলিশের দাবি, ঘটনার পর তারা ধাওয়া করে ঘটনাস্থল থেকে মুজিবুর রহমান ও হাবিবুর রহমান নামে জামায়াতের দুই কর্মীকে আটক করেছে।

সম্প্রতি অগ্নিসংযোগ ও বোমা হামলায় আরও তিনজন শারীরিক প্রতিবন্ধী দগ্ধ হয়েছেন। গত ১২ নভেম্বর যাত্রাবাড়ীর রায়েরবাগে বাসে অগ্নিসংযোগের ঘটনায় নয়জন দগ্ধ হন। তাঁদের মধ্যে ছিলেন শারীরিক প্রতিবন্ধী আবদুল মান্নান। এ ঘটনার দুই দিন আগে গত ১০ নভেম্বর ফরিদপুর শহরে বোমা বিস্ফোরণে হুমায়ুন কবির (১২) ও রায়হান ব্যাপারী (১০) নামের দুজন বাক ও শ্রবণপ্রতিবন্ধী শিশু আহত হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট সূত্র জানায়, গত ২৬ অক্টোবর থেকে গতকাল পর্যন্ত আগুন, পেট্রলবোমা ও ককটেল হামলায় আহত হয়ে ১২৫ জন চিকিৎসা নিতে এসেছেন। তাঁদের মধ্যে অন্তত ৭৫ জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ৩০ জন ভর্তি আছেন। তাঁদের মধ্যে গুরুতর অবস্থায় নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) আছেন চারজন।

দেবীদ্বার থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল ভোর চারটার দিকে পৌর এলাকার বানিয়াপাড়া ফুলতলায় মালবাহী ট্রাক লক্ষ্য করে পরপর দুটি পেট্রলবোমা ছোড়ে অবরোধকারী কয়েকজন যুবক। এতে ট্রাকটির সামনের কাচ ভেঙে আগুন ধরে গেলে চালক আবদুর রহমান ও সহযোগী মজিবুর রহমানের শরীর ঝলসে যায়। অগ্নিদগ্ধ অবস্থায় দুজন ট্রাক থেকে বেরিয়ে আসেন। চিৎকার শুনে স্থানীয় লোকজন ও পুলিশ তাঁদের উদ্ধার করে দেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ওই হাসপাতালে আবদুর রহমানকে ভর্তি করে এবং মজিবুরকে ঢাকা মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয়।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. হান্নান সাংবাদিকদের জানান, চিৎকার শুনে পুলিশ ঘটনাস্থলে গেলে পেট্রলবোমা নিক্ষেপকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ধাওয়া করে জামায়াতের কর্মী মুজিবুর রহমান ও হাবিবুর রহমানকে আটক করা হয়। এই দুজনসহ ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একটি মামলা হয়েছে। আটক দুজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে গিয়ে দেখা যায়, নিচতলার পর্যবেক্ষণ কক্ষের বিছানায় দগ্ধ মুখ নিয়ে শুয়ে আছেন মজিবুর। দুই হাত ও পায়ের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ। ছেলের দগ্ধ মুখের দিকে তাকিয়ে বিলাপ করছেন মা আলেয়া বেগম।

মা আলেয়া জানান, তাঁর পাঁচ সন্তানের মধ্যে মজিবুর বড়। মজিবুরের বাবা বেঁচে নেই। গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জের শ্যামপুর এলাকায়। তাঁরা সবাই জুরাইনে ভাড়া বাসায় থাকেন। মজিবুরের স্ত্রী ও তিন সন্তান রয়েছে। ৩০ বছর ধরে বাসের শ্রমিক হিসেবে কাজ করছিলেন মজিবুর। আলেয়া বেগম জানান, সাত বছর বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়েছিলেন মজিবুর। এতে বাকশক্তি হারান তিনি।

স্বজনেরা জানান, গত রোববার রাতে সোয়ারীঘাট থেকে মুদির দোকানের মালামাল নিয়ে মজিবুরদের ট্রাক ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি চৌমুহনী এলাকায় যাচ্ছিল। দগ্ধ চালক আবদুর রহমানের গ্রামের বাড়িও বরিশালের বাকেরগঞ্জের শ্যামপুরে।