বাকপ্রতিবন্ধীকে ধর্ষণ, অন্তঃসত্ত্বা থানায় মামলা
রংপুরের তারাগঞ্জ উপজেলায় বাকপ্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মনসুর আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। গত শনিবার রাতে মেয়েটির বাবা বাদী হয়ে তারাগঞ্জ থানায় মামলাটি করেন।
এজাহার সূত্রে জানা গেছে, গত ২৪ জুন রাতে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের ওই তরুণী (২১) বাড়ির বাইরে বের হলে একই গ্রামের ছয় সন্তানের জনক মনসুর আলী তাঁকে ধর্ষণ করেন। কথা বলতে না পারায় মেয়েটির বাবা-মা বিষয়টি বুঝতে পারেননি। সম্প্রতি শারীরিক সমস্যা দেখা দেওয়ায় ওই তরুণীকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষায় ওই তরুণী অন্তঃসত্ত্বা বলে নিশ্চিত হওয়ার পর তাঁর বাবা-মা ধর্ষণের বিষয়টি জানতে পারেন। এরপর মেয়েটির বাবা-মা ২০ সেপ্টেম্বর বিষয়টি গ্রামবাসীকে জানান। ২৫ সেপ্টেম্বর সালিস বৈঠক ডাকা হয়। বৈঠকে ঘটনাটির মীমাংসা না হওয়ায় গত শনিবার মেয়েটির বাবা তারাগঞ্জ থানায় মামলা করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামবাসী দুই পক্ষকে নিয়ে বিষয়টির সমাধান করতে চেয়েছিলেন। বৈঠকে মনসুর তাঁর দোষ স্বীকার করলেও মেয়েটিকে বিয়ে করতে রাজি হননি। মামলা হওয়ার পর মনসুর গ্রাম থেকে পালিয়ে গেছেন।