বাকরুদ্ধ রাকিবুলের মুখে ফুটল বোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ গ্রামের ১২ বছরের সেই শিশু রাকিবুল হাসান এখন কথা বলে। কবিরাজের অপচিকিৎসায় বাকরুদ্ধ থাকার এক বছর ১১ মাস ১২ দিন পর সে কথা বলতে পারছে। দীর্ঘদিন চিকিৎসার পর সুস্থ হয়েছে রাকিবুল।
শিশুটির মা রুবিয়া খাতুন বলেন, ‘বাকরুদ্ধ অবস্থায় ওর দাঁতের ওপরের সারির সঙ্গে নিচের সারি চেপেছিল। সিরিঞ্জ দিয়ে ওষুধ, পানি, তরল খাবার খাওয়ানো হতো ওকে। ইশারায় কথা বলত। কেউ ইশারা না বুঝলে লিখে মনের ভাব প্রকাশ করত। এখন সে সুস্থ। আর দশজন ছেলেমেয়ের মতো খেলাধুলা করছে। কিন্তু তার চিকিৎসা করতে দুই বছরে প্রায় ছয় লাখ টাকা খরচ হয়ে গেছে। লেখাপড়ায় পিছিয়ে পড়েছে তিন বছর। এই ক্ষতি কীভাবে পুষিয়ে নেব জানি না।’ তিনি আরও বলেন, সে পঞ্চম শ্রেণিতে পড়ার কথা ছিল। অথচ আগামী বছর তাকে পুনরায় তৃতীয় শ্রেণিতে ভর্তি করতে হবে।
রাকিবুল হাসান আক্ষেপ করে বলে, ‘ওরা আমার দুই বছর নষ্ট করেছে। পড়তে দেয়নি। আমি ওদের বিচার চাই।’
প্রসঙ্গত, রাকিবুলের মা রুবিয়া খাতুন চাকরি করেন। মায়ের অনুপস্থিতিতে তার দেখাশোনা করতেন খালা মোর্শেদা খাতুন। ২০১২ সালের জুনে মোর্শেদার বিয়ে হয়ে যায়। হাসিখুশি স্বভাবের শিশুটি মানসিকভাবে ভেঙে পড়ে। নিয়মিত না খাওয়ায় সে দুর্বল হয়ে পড়ে। তার ওপর জিনের আছর হয়েছে বলে অপচিকিৎসা দেন একই গ্রামের কবিরাজ আরিফুল মিয়া (২৬)। ওই বছরেরই ১৩ জুলাই বিকেলে কবিরাজ তাবিজ গরম করে রাকিবুলের জিহ্বায় ছেঁক দেন। তার বাঁ গালে জোরে জোরে থাপড় মারেন। তখন থেকেই সে বাকরুদ্ধ হয়ে পড়ে। এত দিন বাকরুদ্ধ থাকার পর গত ২৫ জুন রাত থেকে আবার কথা বলা শুরু করে রাকিবুল।