বাকল তুলে লবণ ছিটিয়ে গাছ হত্যার তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের শতবর্ষী গর্জনগাছ কৌশলে পাচার করার ঘটনা তদন্ত শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সরকারের উচ্চপর্যায় থেকে উপজেলা প্রশাসন ও বন বিভাগকে আলাদাভাবে এ নির্দেশ দেওয়া হয়।জানা যায়, গতকাল বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে গিয়ে আলাদাভাবে তদন্ত চালানো হয়। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট লোকজনের বক্তব্য নেওয়া হয়।চকরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে একটি জায়গায় ২৬টি মরা গাছ দেখতে পাই। এগুলোর গোড়ার বাকল কাটা ছিল। কেটে নেওয়া বাকলের জায়গায় লবণ ও তুঁতে ছিটিয়ে দেওয়ার কারণে এসব গাছ মারা গেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। তদন্ত শেষে আগামীকাল (আজ শুক্রবার) প্রতিবেদন জমা দিতে বলেছে জেলা প্রশাসন।’ গতকাল প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘লবণপানি দিয়ে গাছ হত্যা, সুযোগ বুঝে চুরি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।