চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার মানুষের গণতান্ত্রিক, মৌলিক ও সাংবিধানিকসহ সব অধিকার কেড়ে নিয়েছে। তারা বাকশালি কায়দায় দেশ শাসন করছে। যারাই প্রতিবাদ করছে কিংবা আন্দোলনে নেমেছে, তাদের মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করছে। মামলা করে, গ্রেপ্তার করে, নিপীড়ন চালিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি। এ সরকারও পারবে না। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে করা মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মানববন্ধনে মহিলা দল ছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। নগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগমসহ দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। খসরু বলেন, মনোয়ারা বেগম একজন নির্বাচিত কাউন্সিলর। তার পরও পুলিশ তাঁকেসহ মহিলা দলের ছয়জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে মামলা দিয়েছে, যা অমানবিক এবং অগণতান্ত্রিক। অবিলম্বে তাঁদের মুক্তি দিতে হবে ও তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। চট্টগ্রাম নগর মহিলা দলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় কমিটির শিশুবিষয়ক সম্পাদক রোজি কবির, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ। প্রসঙ্গত, গত মঙ্গলবার নগরের আগ্রাবাদ এলাকায় রাস্তা অবরোধ করে গাড়ি ভাঙচুরের চেষ্টার অভিযোগে মনোয়ারা বেগমকে পুলিশ গ্রেপ্তার করে।