বাকস্বাধীনতার বিরুদ্ধে ভয়াবহ সহিংসতা: অ্যামনেস্টি
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, দুই প্রকাশক ও দুই ব্লগারের ওপর হামলার ঘটনায় বাংলাদেশে বাকস্বাধীনতার চর্চাকারীদের বিরুদ্ধে ভয়াবহ ধরনের সহিংসতার বিষয়টি আবারও প্রকটভাবে প্রতীয়মান হয়েছে।
অ্যামনেস্টির ওয়েবসাইটে গত শনিবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটির বাংলাদেশ-বিষয়ক গবেষক আব্বাস ফয়েজ বলেন, ‘বাংলাদেশে স্বাধীন মত প্রকাশের ওপর আবারও হামলার ঘটনায় আমরা গভীরভাবে ব্যথিত। যাঁরা নিজেদের মতো করে কথা বলতে চান, বাংলাদেশের পরিস্থিতি দিনে দিনে তাঁদের জন্য ভয়ংকর হয়ে উঠছে। সর্বশেষ এই সন্ত্রাসী হামলা পরিকল্পিতভাবে বাংলাদেশের বাকস্বাধীনতার ওপর আঘাত।’
আব্বাস ফয়েজ আরও বলেন, ‘যে কায়দায় এই সহিংস ঘটনা ঘটেছে, তা থেকে আমাদের এ আশঙ্কা করার কারণ আছে যে এখন আরও অনেক মানুষ ঝুঁকির মধ্যে পড়ল।’ তাদের রক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘হামলাকারীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করতে সম্ভাব্য সবকিছু করা সরকারেরই দায়িত্ব।’