বাকি উপজেলা দখলে নিতে সরকার 'সন্ত্রাসীদের' জড়ো করছে: তরিকুল
পরবর্তী পর্বের ভোটে বাকি সব উপজেলা পরিষদ দখলে নেওয়ার জন্য সরকার ‘অস্ত্রধারী সন্ত্রাসীদের’ জড়ো করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। তাঁর দাবি, ভোটাররা যাতে কেন্দ্রে যেতে না পারেন, সে জন্য নির্বাচনী এলাকায় পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে।
গতকাল বুধবার যশোর সদরে বিএনপি-সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্টদের কর্মশালায় তরিকুল ইসলাম এ অভিযোগ করেন। এ অবস্থায় সরকারদলীয় সন্ত্রাসীদের ‘জবরদখল’ থেকে ভোটকেন্দ্র রক্ষা করার জন্য বিএনপির নেতা-কর্মীদের কেন্দ্রে কেন্দ্রে পাহারায় থাকতে বলেছেন তিনি।
২৩ মার্চ যশোর সদর ও কেশবপুর উপজেলা নির্বাচন হবে। এ দুটি উপজেলা দখলে নেওয়ার জন্য ক্ষমতাসীন দল বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসীদের জড়ো করছে এবং ভোট ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেন তরিকুল ইসলাম।
তরিকুল অভিযোগ করেন, একদিকে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর লোকজন বাড়ি বাড়ি গিয়ে বিএনপির সমর্থকদের অস্ত্র ঠেকিয়ে ভোটকেন্দ্রে যেতে নিষেধ করছেন। অন্যদিকে পুলিশ গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। এর আগে সোমবার যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনেও তরিকুল ইসলাম সরকারদলীয় সমর্থকদের সন্ত্রাস ও স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করেন। গতকাল যশোর সদর উপজেলার বিএনপি-সমর্থিত প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট দেলোয়ার হোসেন এলাকায় ভয়ভীতি প্রদর্শন করাসহ সরকারদলীয় প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রিটার্নিং কর্মকর্তা ও ঢাকায় নির্বাচন কমিশনে পাঠিয়েছেন।