বাকি জমির ধান সাঁওতালদের বুঝিয়ে দিতে সময় ১৫ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জে বাকি ১৫ একর জায়গায় সাঁওতালদের চাষ করা ধান ১৫ দিনের মধ্যে কেটে তাঁদের বুঝিয়ে দিতে বলেছেন হাইকোর্ট। এ বিষয়ে ৫ ডিসেম্বর পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেছেন আদালত।
গাইবান্ধার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন কর্তৃপক্ষের পৃথক প্রতিবেদন দাখিলের পর গতকাল বুধবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।
তিন সংগঠনের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ১৭ নভেম্বর হাইকোর্ট রুলসহ অর্ন্তবর্তীকালীন আদেশ দেন। অধিগ্রহণ করা ওই জায়গায় সাঁওতালদের চাষ করা ধান কাটতে তাঁদের অনুমতি দিতে নতুবা ধান কেটে সাঁওতালদের কাছে তুলে দিতে নির্দেশ দেন আদালত।
গাইবান্ধার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বাংলাদেশ চিনি এবং খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান ও রংপুর সুপার মিলের ব্যবস্থাপনা পরিচালকের প্রতি ওই নির্দেশ দেওয়া হয়। আদালত ওই ঘটনায় কী কী আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে, কয়টি মামলা ও এজাহার হয়েছে তা জানিয়ে গাইবান্ধার পুলিশ সুপার ও গোবিন্দগঞ্জ থানার ওসিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়ে ৩০ নভেম্বর দিন রাখেন। এর ধারাবাহিকতায় গতকাল প্রতিবেদন দাখিল করা হয়। বাংলাদেশ চিনি এবং খাদ্য শিল্প করপোরেশনের প্রতিবেদন অনুসারে, ৪৫ দশমিক ৫০ একর জমির ধানের মধ্যে ৩০ একর জমির ধান কেটে বুঝিয়ে দেওয়া হয়েছে। বাকি ১৫ দশমিক ৫০ একর জমির ধান পরিপক্ব না হওয়ায় চার-পাঁচ দিন সময় লাগবে।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু ওই প্রতিবেদন তুলে ধরেন। করপোরেশনের পক্ষে ছিলেন আইনজীবী এ মাছুম। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু পরে প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসকের প্রতিবেদনে জানানো হয়, আগ্নেয়াস্ত্র ব্যবহারের বিষয়টি তদন্তের জন্য এক সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে ও তদন্ত চলছে। পুলিশ সুপার জানিয়েছেন, ওই ঘটনায় দুটি মামলা হয়েছে। এর মধ্যে একটি অপমৃত্যুর মামলা। এ ছাড়া ঘটনার ২৬ দিন পর একটি এজাহার করা হয়। তবে একই তারিখের ঘটনা হওয়ায় তা সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ওই মামলার সঙ্গে এর তদন্ত চলছে। ২৩ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকলের শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ এলাকায় ওই সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষে তিনজন সাঁওতাল নিহত হন। এ ঘটনায় সাঁওতালদের জানমালের নিরাপত্তা নিশ্চিতসহ প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ১৬ নভেম্বর আইন ও সালিস কেন্দ্র (আসক), ব্রতী সামাজিক কল্যাণ সংস্থা ও অ্যাসোসিয়েশন অব ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট হাইকোর্টে ওই রিটটি করে।