বাকি তিনটি লাশও পরিবারের কাছে হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত আটজনের মধ্যে বাকি তিনজনের লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গ থেকে লাশগুলো হস্তান্তর করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জানান, জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বানিয়াবাড়ী গ্রামের মৃত নাদের আলীর ছেলে একাব্বর আলীর (৩২) লাশ গ্রহণ করেন বড় বোন আশেদা বেগম। একই গ্রামের মৃত শেখের ছেলে আবু তাহেরের (৩৩) লাশ গ্রহণ করেন স্ত্রী জ্যোৎস্না বেগম। আর জেলার পচাপাহোলা গ্রামের জব্বার আলীর ছেলে দুলাল মিয়ার (২৮) লাশ গ্রহণ করেন প্রতিবেশী রবিউল ইসলাম।
আড়াইহাজার উপজেলার পুরিন্দা বাজারে ডাকাতির প্রস্তুতিকালে গত বৃহস্পতিবার ভোরে গণপিটুনিতে নিহত হন ওই আটজন। পাঁচজনের লাশ গত শুক্রবার পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
এদিকে এ ঘটনায় থানায় মামলা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুরিন্দা বাজার ও আশপাশের এলাকার লোকজনদের মধ্যে গ্রেপ্তার-আতঙ্ক বিরাজ করছে। তবে পুলিশ বলেছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (খ অঞ্চল) জহিরুল ইসলাম বলেন, ডাকাতির ঘটনার সময় পালিয়ে যাওয়া অন্য ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকের মালিককে শনাক্ত করা হয়েছে। ট্রাকচালকের নাম-পরিচয় বের করার চেষ্টা চলছে। স্থানীয় লোকজকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, অযথা কাউকে হয়রানি বা গ্রেপ্তার করা হবে না।