বাকি দুটি ভবনের নির্মাণকাজও শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীদের চাঁদা দাবির কারণে শেখ হাসিনা হল এবং ওয়াজেদ মিয়া বিজ্ঞানাগার ভবনের বন্ধ হয়ে যাওয়া নির্মাণকাজ দুই দিন পর গতকাল বুধবার আবার শুরু হয়েছে। এর মধ্য দিয়ে চাঁদা দাবির কারণে বন্ধ থাকা চারটি স্থাপনার নির্মাণকাজই আবার শুরু হলো।
এর আগে গত মঙ্গলবার প্রথম আলোতে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর চাঁদাবাজির কারণে বন্ধ থাকা শেখ ফজিলাতুননেসা মুজিব হল এবং বেগম সুফিয়া কামাল হলের নির্মাণকাজ সেদিনই আবার শুরু হয়।
গতকাল সরেজমিনে দেখা যায়, শেখ হাসিনা হল ও ওয়াজেদ মিয়া বিজ্ঞানাগার ভবনের নির্মাণকাজ স্বাভাবিকভাবে চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শ্রমিকেরা জানান, প্রশাসন নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। অন্য দুটি হলের নির্মাণকাজও স্বাভাবিকভাবে চলছে। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংবাদিকদের সঙ্গে নিয়ে ওই তিনটি হল ও বিজ্ঞানাগার ভবনের নির্মাণকাজ পরিদর্শন করে। এ সময় প্রক্টর অধ্যাপক মো. মুজিবুর রহমান ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শ্রমিকদের কাজ অব্যাহত রাখতে বলেন। তিনি জানান, প্রশাসন চাঁদাবাজদের ঠেকাতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে।