বাকি না দেওয়ায় দোকানে আগুন
বাকিতে পণ্য না দেওয়ায় নাটোরের গুরুদাসপুর পৌরসভার খামারনাচকৈড় খোয়ারপাড়ায় একটি মুদি দোকান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকানমালিক দাবি করেছেন।
এ ঘটনায় দোকানমালিক আসাদুল ইসলাম বাদী হয়ে প্রতিবেশী ফারুক হোসেনকে অভিযুক্ত করে গতকাল মঙ্গলবার থানায় মামলা করেছেন। তবে অভিযুক্তকে আটক করতে পারেনি পুলিশ।
গুরুদাসপুর থানার ওসি মোহাম্মদ ইব্রাহিম ঘটনা বলেন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আসাদুল ইসলামের অভিযোগ, প্রতিবেশী ফারুক তাঁর দোকান থেকে বাকিতে জিনিসপত্র নিতেন। সর্বশেষ গত রোববার নতুন করে বাকি চান। না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন ফারুক। একপর্যায়ে দোকান পুড়িয়ে দেওয়ার হুমকি দেন ফারুক। এরপর গত সোমবার রাত ১১টার দিকে আসাদুল দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। এরপর দোকানটি পুড়িয়ে দেওয়া হয়। আগুনে দোকানের টিভি, ফ্রিজ, মুদি সামগ্রী এবং দুটি মুঠোফোনসহ প্রায় সাত লাখ টাকার মালামাল পুড়ে যায়।