বাকি না দেওয়ায় দোকানে ভাঙচুর, টাকা ও মাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী উপজেলায় ছাত্রলীগের এক নেতাকে বাকি না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে এক ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর চালিয়ে টাকা ও মাল লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ সময় সন্ত্রাসীদের হামলায় তিনজন গুরুতর আহত হন। তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় তালতলী বন্দরের সদর রোডে এ ঘটনা ঘটে।
পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছে, গত মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে ছাত্রলীগের নেতা এমাদুল সিকদার তাঁর বন্ধুদের নিয়ে তালতলী সদর সড়কে মেসার্স বিসমিল্লাহ গার্মেন্টস অ্যান্ড শু হাউসে বিভিন্ন সামগ্রী কিনতে যান। এ সময় তিনি পছন্দ করা জুতা, প্যান্ট ও শার্ট বাকিতে নিতে চাইলে দোকানমালিক নয়ন ফকির তা দিতে অপারগতা জানান। এ নিয়ে এমাদুলের সঙ্গে দোকানমালিকের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে এমাদুল নয়ন ফকিরকে দেখিয়ে দেওয়ার হুমকি দিয়ে চলে যান। এ ঘটনার জের ধরে রোববার সন্ধ্যা সাতটার দিকে এমাদুল সিকদার তাঁর সহযোগী সুমন, অপুর নেতৃত্বে ১০-১২ জন যুবক ওই দোকানে হামলা ও ভাঙচুর চালান।
নয়ন ফকির অভিযোগ করেন, হামলার পর সন্ত্রাসীরা তাঁর দোকানের ক্যাশবাক্সে থাকা ২ লাখ ৪০ হাজার টাকা এবং তাঁর গলা থেকে এক ভরি ওজনের সোনার একটি চেইন ও মালামাল লুট করে নিয়ে যায়। হামলার সময় বাধা দিতে গেলে সন্ত্রাসীরা নয়ন ফকিরের ভাই জহিরুল ইসলাম ও জসিম উদ্দিন, দোকানের কর্মচারী মো. রাসেলকে বেধড়ক পিটিয়ে আহত করে। তাঁদের গুরুতর অবস্থায় ওই রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভাঙচুর ও হামলার ঘটনায় দোকানমালিক নয়ন ফকির বাদী হয়ে রোববার রাতেই তালতলী থানায় একটি মামলা করেছেন।
তালতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ছোটবগি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুজ্জামান বলেন, এমাদুল সিকদার উপজেলা ছাত্রলীগের সদস্য। পূর্ববিরোধের জের ধরে দোকানমালিক এ সাজানো মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেপ্তার হওয়া সুমন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক।
তালতলী থানার ওসি বাবুল আকতার বলেন, ঘটনার সঙ্গে জড়িত সুমন নামে একজনকে রোববার রাতেই গ্রেপ্তার করা হয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।