বাকি পরীক্ষাগুলো দিতে পারবে তো মেহের?

মেহের নিগার এইচএসসি পরীক্ষা দিচ্ছে। পাঁচটি পরীক্ষা দেওয়া হয়েছে। বাকি আছে আরও আটটি। এই অবস্থায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার ঝিনাইদহের মহেশপুর উপজেলার যোগিহুদা গ্রামে হামলার এ ঘটনা ঘটে।
আহত মেহের (১৭) ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তার মাথায়, হাত ও কোমরে নয়টি সেলাই দিতে হয়েছে। বাকি পরীক্ষাগুলো সে দিতে পারবে কি না, সেই আশঙ্কা করছে। এ ছাড়া ওই হামলায় গুরুতর আহত তার বোন শিরিনা খাতুন (২৩) যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।
মেহর ও শিরিনার বাবা তারা মিয়া প্রথম আলোকে বলেন, তাঁদের বাড়ির পাশে একখণ্ড জমি নিয়ে আসাদুর রহমান ওরফে আসাদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জমিটি তাঁদের দখলে ছিল। আসাদ ও তাঁর লোকজন এই জমি দখল করতে প্রায় তিন মাস আগে সেখানে থাকা ৬৫টি গাছ কেটে ফেলেন। জমিতে ফসল চাষের প্রস্তুতি নিচ্ছিলেন। এই পরিস্থিতিতে গত শনিবার বিকেলে তাঁর দুই মেয়ে শিরিনা ও মেহের ওই জমির পাশে তাদের আরেকটি জমিতে কলাপাতা কাটতে গিয়েছিল।
এ সময় আসাদ ও তাঁর সমর্থকেরা হামলা করেন। তাঁরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে দুজনকে আহত করেন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে শিরিনাকে যশোর মেডিকেলে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিছানায় শুয়ে মেহের বলে, ২২ এপ্রিল তার সমাজবিজ্ঞান পরীক্ষা রয়েছে। আরও সাতটি পরীক্ষা দিতে হবে। কিন্তু কোমরে আঘাতের কারণে সে দাঁড়াতে পারছে না। ডান হাতেও প্রচণ্ড ব্যথা অনুভব করছে। এই অবস্থায় পরীক্ষা দিতে পারবে কি না, বুঝতে পারছে না।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনার দিনই আটজনকে আসামি করে মামলা হয়েছে। এরপর আসামিরা আদালতে জামিনের জন্য যান। আদালত আসাদুর রহমান, আফজাল হোসেন ও আলম মিয়া নামের তিনজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।