বাকি যুদ্ধাপরাধীদেরও রায় কার্যকর হবে: আশরাফ

স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে কাদের মোল্লার ফাঁসি হয়েছে। অনেকে বলেছিল, এ সরকার যুদ্ধাপরাধীদের বিচার করতে পারবে না। এ রায়ও কার্যকর হয়েছে। বাকি যুদ্ধাপরাধীদেরও বিচার হবে। রায় কার্যকর হবে।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সৈয়দ আশরাফ এ কথা বলেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব সম্ভব। বিদেশে পালিয়ে থাকা যুদ্ধাপরাধীদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনাও সম্ভব।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ এবং সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, ছাত্রলীগসহ দলটির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান।
এর আগে সকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সকাল থেকে মানুষের ঢল নেমেছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। নানা শ্রেণী-পেশার মানুষ ও বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায়।