জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষকে সাক্ষী হাজির করার শেষ সুযোগ দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের এই ট্রাইব্যুনাল গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত আদেশে বলেন, রোববার (২১ অক্টোবর) আসামিপক্ষ যদি তাঁদের বাকি পাঁচ সাক্ষীকে আনতে ব্যর্থ হয়, তবে আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণ বন্ধ করে দেওয়া হবে।আসামির কাঠগড়ায় সাঈদীর উপস্থিতিতে গতকাল এই মামলার কার্যক্রমের শুরুতে আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম বলেন, ১৫তম সাক্ষী আবদুস সালাম হাওলাদার এখনো সুস্থ হননি। এ জন্য তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা সম্ভব নয়। তিনিসহ বাকি ছয়জন সাক্ষীকে একসঙ্গে ২১ অক্টোবর হাজির করা হবে।এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আদেশে বলেন, সাক্ষীর অসুস্থতা নিয়ে ট্রাইব্যুনাল কোনো মন্তব্য করতে চান না। তবে রোববারও আসামিপক্ষের ১৫তম সাক্ষী অসুস্থ থাকলে রাষ্ট্রপক্ষকে হাসপাতালের একটি বিছানা সরবরাহ করতে হবে, যাতে সাক্ষী শুয়ে সাক্ষ্য দিতে পারেন।আদেশে আরও বলা হয়, আসামিপক্ষকে সাক্ষী হাজির করার জন্য যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে। রোববারের পর তাঁদের সাক্ষী আনতে আর সময় দেওয়া হবে না।১৫তম সাক্ষী আবদুস সালাম হাওলাদার গত বুধবার ট্রাইব্যুনালে জবানবন্দি দেন। পরে রাষ্ট্রপক্ষ তাঁকে জেরা শুরু করেছিল। তবে তিনি অসুস্থ হয়ে পড়ায় জেরা গতকাল পর্যন্ত মুলতবি করা হয়। এরপর আসামিপক্ষের ১৩তম সাক্ষী ও সাঈদীর তৃতীয় ছেলে মাসুদ সাঈদীকে জেরা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী। প্রদর্শনী হিসেবে দাখিল করা আসামিপক্ষের বিভিন্ন নথি সংগ্রহের পদ্ধতি ও এর বিষয়বস্তু নিয়ে মাসুদ সাঈদীকে জেরা করা হয়। জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম রোববার পর্যন্ত মুলতবি করা হয়।এই মামলায় আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয় গত ২ সেপ্টেম্বর। ট্রাইব্যুনালের নির্দিষ্ট করে দেওয়া ২০ জন সাক্ষীর মধ্যে আসামিপক্ষ এ পর্যন্ত ১৫ জনকে হাজির করেছে। তাদের মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। বাকি দুজনকে রাষ্ট্রপক্ষের জেরা চলছে।