বাকিতে আলুবীজ বিক্রি করে ব্যবসায়ীরা বিপাকে
জয়পুরহাটের আক্কেলপুরে বাকিতে আলুবীজ বিক্রি করে মৌসুমি বীজ ব্যবসায়ীরা ফেঁসে গেছেন। বাজারে আলুর দাম কমে যাওয়ায় কৃষকেরা বাকির টাকা পরিশোধ করতে পারেননি। এবার উপজেলার অর্ধশতাধিক আলুবীজ ব্যবসায়ী বাকিতে প্রায় দুই কোটি টাকার বীজ মহাজনদের কাছ থেকে এনে কৃষকদের দিয়েছেন। ওই টাকা পরিশোধ করতে না পারায় মহাজনেরা আগামী মৌসুমে আলুবীজ সরবরাহ করবেন না বলে জানিয়ে দিয়েছেন। এতে এ উপজেলায় আলুর আবাদ কমতে পারে বলে বীজ ব্যবসায়ীরা প্রাথমিকভাবে ধারণা করছেন। তবে কৃষি বিভাগ এমন ধারণা নাকচ করে দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই উপজেলায় শতাধিক আলুরবীজ ব্যবসায়ী রয়েছেন। আলুর মৌসুমের শুরুতেই তাঁরা কৃষকদের কাছে বাকিতে বীজ সরবরাহ করেন। আলুর মৌসুম শেষে উপজেলার পাঁচ শতাধিক কৃষক বীজের দাম পরিশোধ করেন। দুই যুগ ধরে ব্যবসায়ীরা আলুচাষিদের এই সুবিধা দিচ্ছেন। কোনো বছরই কৃষকেরা আলুবীজের দাম আটকে রাখেননি। এবার আলুর দর কম পাওয়ায় অধিকাংশই কৃষক বীজের দাম পরিশোধ করেননি।উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরে উপজেলায় সাড়ে চার হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। লক্ষ্যমাত্রার চেয়ে কৃষকেরা এবার ৩২০ হেক্টর বেশি জমিতে আলু উৎপাদন করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবার আলুর উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এ এলাকায় পর্যাপ্তসংখ্যক হিমাগার না থাকায় বাজারে আলুর দর পড়ে গেছে। এ কারণে কৃষকেরা আলুর কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না। এলাকার মৌসুমি আলুর বীজ ব্যবসায়ীরা জানান, কৃষকের কাছ থেকে বাকির টাকা না পাওয়ায় তাঁরা মহাজনদের বীজের টাকা পরিশোধ করতে পারেননি। এ কারণে মহাজনেরা বাকিতে আলুর বীজ সরবরাহ বন্ধ রাখবেন। এতে আগামী মৌসুমে আলু চাষের লক্ষ্যমাত্রা কমে যেতে পারে। কেশবপুর গ্রামের কৃষক নজরুল ইসলাম জানান, বাকিতে বীজ কিনে তিনি পাঁচ বিঘা জমিতে আলু চাষ করেছিলেন। আবহাওয়া ভালো থাকায় তাঁর জমিতে আলুর বাম্পার ফলন হয়েছে। কিন্তু আলুর ন্যায্য দাম না পাওয়ায় তিনি বীজের বাকি টাকা পরিশোধ করতে পারেননি। কলেজ বাজার হাটের আলুবীজ ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, কৃষকদের কাছে বীজের ১০ লক্ষাধিক টাকা বকেয়া আছে। আলুর দাম কম হওয়ায় ইচ্ছা থাকা সত্ত্বেও কৃষকেরা বাকির টাকা দিতে পারেননি। আক্কেলপুর উপজেলা কৃষি কর্মকর্তা আবু হোসেন বলেন, এ উপজেলায় আলু সংরক্ষণের জন্য পর্যাপ্তসংখ্যক হিমাগার নেই। এ কারণে কৃষক আলুর কাঙ্খিত দর পাচ্ছেন না। ব্যবসায়ীরা কৃষকদের কাছে বাকিতে আলুবীজ সরবরাহ না করলে আগামী বছরের লক্ষ্যমাত্রা পূরণে সমস্যা হবে না।