বাকিতে মুঠোফোন সেট না দেওয়ায়...
বাকিতে মুঠোফোনের সেট বিক্রি না করায় যুবলীগের নেতার নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালিয়ে দোকান ভাঙচুর ও লুট করে। তারা দোকানটি উল্টে পাশের খালে ফেলে দেয়। বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের নারায়ণপুর বন্দরে ব্যবসায়ী খাইরুল টেলিকম সার্ভিস সেণ্টারে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণপুর গ্রামের মো. খাইরুল সরদার নারায়ণপুর বন্দরে তিন বছর ধরে মুঠোফোনের সেট বিক্রি ও মেরামতের ব্যবসা করেন। ৩ ফেব্রুয়ারি গুঠিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. মোজাম্মেল সরদার সহযোগীদের নিয়ে একটি ফোনসেট পছন্দ করে পরে টাকা দেওয়া হবে বলে জানিয়ে রওনা হন। এ সময় খাইরুল সরদার বাকিতে সেট দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে খাইরুলকে বেদম মারধর করা হয়। এর জের ধরে ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার মোজাম্মেল সরদারের নেতৃত্বে যুবলীগের কর্মী আলামিন সরদার, শাহিন মিয়াসহ পাঁচ-ছয়জন ফের ওই দোকানে গিয়ে পছন্দমতো একটি সেট নিয়ে রওনা হয়। এ সময় খাইরুল বাধা দিলে মোজাম্মেল ও তার সহযোগীরা হামলা চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালায়।গুঠিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যবসায় একটি পরিবার জীবিকা নির্বাহ করত। ঘটনাটি দুঃখজনক। তিনি এর উপযুক্ত বিচার দাবি করেন।মো. খাইরুল ইসলাম আরও অভিযোগ করেন, ঘটনার পর উজিরপুর থানায় সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে তিনি বাদী হয়ে ছয়জনকে আসামি করে বুধবার উজিরপুর বিচারিক হাকিম আদালতে একটি মামলা করেন।যুবলীগের নেতা মো. মোজাম্মেল সরদার বলেন, ‘বাকিতে মুঠোফোন সেট না পেয়ে হামলা করা হয়েছে এ অভিযোগ সত্য নয়। ব্যবসায়ীর সঙ্গে তাঁদের পূর্বশত্রুতা রয়েছে। এ নিয়ে তাঁর সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। পরবর্তী সময়ে নিজেরা ঘটনা ঘটিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করেছে।’উজিরপুর উপজেলা যুবলীগের সভাপতি আ. মজিদ সিকদার বলেন, ‘আমার জানামতে, গুঠিয়া ইউনিয়নে ওই নামে যুবলীগের কোনো নেতা-কর্মী নেই। ব্যক্তিস্বার্থে দলের নাম ভাঙিয়ে থাকতে পারে।’উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় মামলা না নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, কেউ থানায় মামলা করতে আসেনি।