বাকিতে সার না দেওয়ায় ব্যবসায়ীকে আ.লীগ নেতার মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাকিতে সার দিতে অপারগতা প্রকাশ করায় আনিছুর রহমান নামের এক ব্যবসায়ীকে মারধরের ঘটনা ঘটেছে। স্থানীয় আওয়ামী লীগের এক নেতা তাঁকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। গত রোববার দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের কালিয়ান বাজারে এ ঘটনা ঘটে। বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, আনিছুর কালিয়ান বাজারে সার ও কীটনাশকের ব্যবসা করেন। রোববার দুপুরে জাহাঙ্গীরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল মোতালেব (৫৫) দোকানে গিয়ে আনিছুরের কাছে বাকিতে ইউরিয়া সার নিতে চান। তিনি বাকিতে সার দিতে অপারগতা দেখালে মোতালেব ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি মুঠোফোনে কয়েকজনকে ডেকে এনে ওই ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালান। এ সময় আনিছুরকে মারধর করা হয়। আরেক ব্যবসায়ী মিজানুর রহমান জানান, ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে তিনিও মারধরের শিকার হন। অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে মোতালেব বলেন, তিনি পাওনা টাকা আদায়ের জন্য ওই দোকানে গিয়েছিলেন। তবে মারধরের কোনো ঘটনা ঘটেনি। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে ব্যবসায়ী আনিছুর মৌখিক অভিযোগ করেছেন। ঘটনার তদন্ত চলছে।