বাকিরের চিকিত্সার ক্ষেত্রে নেওয়া পদক্ষেপ জানাতে বলেছেন আপিল বিভাগ
কারা হেফাজতে মারা যাওয়া সিবিএ নেতা বি এম বাকির হোসেনের চিকিত্সার ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া হয়েছিল তা ২৭ জানুয়ারির মধ্যে জানাতে সরকারপক্ষকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। ওইদিন এ বিষয়ে আদেশের দিন ধার্য করা হয়েছে। গতকাল বুধবার প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ এই দিন ধার্য করেন। ১১ জানুয়ারি আদালতে আয়কর-সংক্রান্ত মামলায় বাকির হোসেনের জামিনের আবেদন শুনানির দিন ছিল। ওই দিন তাঁর আইনজীবীরা বাকিরের মৃত্যু স্বাভাবিক নয় উল্লেখ করে এ বিষয়ে তদন্তের নির্দেশনা চাইলে আদালত তাঁদের আবেদন করতে বলেন। পরদিন তাঁরা আবেদন করেন। আদালত সূত্র জানায়, গতকাল শুনানিতে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, বাকির হোসেনকে যথাযথ চিকিত্সাসেবা দেওয়া হয়েছে। বাকিরের আইনজীবী মওদুদ আহমদ বলেন, কারা হেফাজতে মৃত্যুর ঘটনা স্বাভাবিক নয়, স্পর্শকাতর। এর সঙ্গে মানবাধিকারের বিষয়টি জড়িত। তাই তদন্তের জন্য আদালতের নির্দেশনা প্রয়োজন। আদেশ প্রসঙ্গে মওদুদ আহমদ প্রথম আলোকে বলেন, বাকিরকে কী চিকিত্সাসেবা দেওয়া হয়েছে তা হলফনামা করে ২৭ জানুয়ারি আদালতে দাখিল করতে সরকারপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া মৃত্যুর ঘটনা তদন্ত হয়েছে কি না, তার অগ্রগতি সম্পর্কেও অবহিত করতে বলা হয়েছে। ২৭ জানুয়ারি পরবর্তী আদেশের দিন ধার্য করা হয়েছে। ৭ জানুয়ারি কারা হেফাজতে অ্যাপোলো হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় বাকির মারা যান। ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর তাঁকে গ্রেপ্তার করা হয়।