বাকুর উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮তম জোটনিরপেক্ষ সম্মেলনে (ন্যাম) যোগ দিতে চার দিনের সরকারি সফরে আজ বৃহস্পতিবার বিকেলে আজারবাইজানের রাজধানী বাকুর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
সফরসূচি অনুযায়ী আজ বিকেলে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ বিমান বাকুর উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে।
প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম, মুখ্য সচিব মো. নজিবুর রহমান, তিন বাহিনীর প্রধান, কূটনৈতিক কোরের ডিন এবং বেসামরিক ও সামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
ফ্লাইটটি বাকু হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে পৌঁছানোর কথা রয়েছে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর পর মোটর শোভাযাত্রাসহকারে তাঁকে হিলটন বাকু হোটেলে নিয়ে যাওয়া হবে। আজারবাইজান সফরকালে তিনি এই হোটেলেই থাকবেন।
১২০টি উন্নয়নশীল দেশের ফোরাম ন্যামের দুই দিনের সম্মেলনটি ২৫ ও ২৬ অক্টোবর বাকুর কংগ্রেস সেন্টারে অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বুধবার বাসসকে বলেন, অন্যান্য সদস্যদেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ন্যাম সম্মেলনে যোগ দেবেন।
শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাকু কংগ্রেস সেন্টারে ১৮তম ন্যাম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
অনুষ্ঠানস্থলে আজারবাইজানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং স্পিকার ন্যাম নেতাদের অভ্যর্থনা জানাবেন।
অন্য ন্যাম নেতাদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাকু কংগ্রেস সেন্টারের প্ল্যানারি হলে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। পরে প্রধানমন্ত্রী কেন্দ্রের লাঞ্চন হলে পূর্ণাঙ্গ অধিবেশনে প্রতিনিধিদলের প্রধানদের জন্য দেওয়া ওয়ার্কিং লাঞ্চে যোগ নেবেন।
সন্ধ্যায় প্রধানমন্ত্রী হায়দার আলিয়েভ সেন্টারে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের আনুষ্ঠানিক সংবর্ধনায় অংশ নেবেন।
শনিবার প্রধানমন্ত্রী পূর্ণাঙ্গ অধিবেশন, প্রতিনিধিদলের প্রধানদের সঙ্গে ওয়ার্কিং লাঞ্চন ও সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন।
প্রধানমন্ত্রী হিলটন বাকুতে একই সঙ্গে আজারবাইজানের দূত হিসেবে দায়িত্বপ্রাপ্ত তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের দেওয়া নৈশভোজে অংশ নেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ন্যাম সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।
আজারবাইজানে চার দিনের সফর শেষে প্রধানমন্ত্রী রোববার স্থানীয় সময় বেলা ১১টায় বাকু হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা হবেন।
বিমানটি ওই দিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
ন্যাম বিশ্বের ১২০টি উন্নয়নশীল রাষ্ট্র নিয়ে গঠিত একটি ফোরাম। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও সাবেক যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট জোসেপ ব্রোজ টিটোর উদ্যোগে ১৯৫৫ সালে বানডং সম্মেলনে সম্মত নীতিমালা প্রণয়নের পর ১৯৬১ সালে যুগোস্লাভিয়ার বেলগ্রেডে ন্যামটি প্রতিষ্ঠিত হয়।
ভেনেজুয়েলার মারগারিটা দ্বীপে ২০১৬ সালে ১৭তম ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো হলেন চলতি ন্যাম সম্মেলনের চেয়ারপারসন।