বাকেরগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়েছে সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি বাজারসংলগ্ন খালের ওপর থাকা সিএসডি গোডাউন সেতু ভেঙে পড়েছে। বাল্কহেডের ধাক্কা লেগে সেতুটি মাঝ বরাবর ভেঙে বাল্কহেডের ওপর পড়ে। এতে দুর্ভোগে পড়েন খালের দুই প্রান্তের বাসিন্দা ও ব্যবসায়ীরা।
গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে বালুবোঝাই বাল্কহেডটি সেতুর ওপর আছড়ে পড়লে সেটি ভেঙে খালে পড়ে যায়।
কলসকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রাজ্জাক তালুকদার জানান, গোডাউন সেতু নামে পরিচিত এই সেতু দিয়ে কলসকাঠি বন্দরের দুই প্রান্তের কবাই ও নলুয়া ইউনিয়নের হাজার হাজার মানুষ চলাচল করত। তারা চরম দুর্ভোগে পড়েছে। খালের ওপর সেতু ভেঙে পড়ায় বাকেরগঞ্জের বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র কলসকাঠি বাজারের ব্যবসায়ীদের গোডাউনের মাল সংরক্ষণ করাসহ সাধারণ মানুষের ওপর প্রভাব পড়েছে। আবদুর রাজ্জাক আরও জানান, দ্রুততম সময়ের মধ্যে সেতুটি মেরামত কিংবা পুনর্নির্মাণ করার জন্য উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, বালুবাহী একটি বাল্কহেডের ইঞ্জিন নষ্ট হওয়ায় সেটি ভাসতে ভাসতে সেতুর মাঝখানের পিলারে এসে আঘাত হানে। এতে সেতুর মাঝের অংশ ভেঙে বাল্কহেডের ওপর পড়ে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও দুর্ঘটনাকবলিত বাল্কহেডটি পুলিশ আটক করেছে।