বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩০তম মৃত্যুবার্ষিকীর কর্মসূচি পালন নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন কর্মী আহত হয়েছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা জানিয়েছেন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন খানের সঙ্গে স্থানীয় বিএনপির নেতা মোয়াজ্জেম হোসেন ওরফে নান্নু চৌধুরীর রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে। জেলা কমিটি আবুল হোসেন খানকে সভাপতি করে কমিটি গঠন করে দিলেও নান্নু চৌধুরী ওই কমিটি প্রত্যাখ্যান করেন এবং নিজেকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে ঘোষণা দিয়ে একটি পাল্টা কমিটি গঠন করেন। উপজেলা বিএনপি গত সোমবার জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন করলেও নান্নু চৌধুরীর অনুসারীরা গতকাল আলাদাভাবে কর্মসূচি পালন করতে যায়। এতে ক্ষুব্ধ হয়ে আবুল হোসেনের সমর্থকেরা তাঁদের ওপর চড়াও হয়। এতে সংঘর্ষ বেধে যায়। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, নান্নু চৌধুরীর অনুসারী বিএনপির কর্মীরা বিভিন্ন ইউনিয়ন থেকে সকালে মিছিল নিয়ে বাকেরগঞ্জে দলীয় কার্যালয়ে আসতে থাকেন। এ সময় আবুল হোসেন খানের সমর্থকেরা কয়েকটি মিছিলে হামলা চালালে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি শান্ত হওয়ার পর পৌর বিএনপির সভাপতি মতিউর রহমান মোল্লার সভাপতিত্বে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সভা হয়। সেখানে বক্তব্য দেন নান্নু চৌধুরী, উপজেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশিদ জোমাদ্দার প্রমুখ। তাঁরা অভিযোগ করেন, আবুল হোসেন খান জাসদ থেকে এসে বিএনপিতে যোগ দিয়ে দলের ক্ষতি করেছেন। তাঁরা আবুল হোসেন খানকে বাকেরগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেন। নান্নু চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, আবুল হোসেন খানের সমর্থকেরা বিনা উসকানিতে তাঁর সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। অন্যদিকে আবুল হোসেন খান বলেন, তিনি নির্বাচিত সভাপতি। তিনি থাকতেও নান্নু চৌধুরী দলের নিয়মশৃঙ্খলা না মেনে নিজেকে ভারপ্রাপ্ত সভাপতি দাবি করেন। এ ব্যাপারে জেলা কমিটি তাঁকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছে। তিনি বলেন, এসব কারণে নান্নু চৌধুরী আলাদাভাবে কর্মসূচি পালন করতে গেলে তাঁর সমর্থকেরা বাধা দেয়। তবে তিনি দাবি করেন, সেখানে কোনো মারামারির ঘটনা ঘটেনি।বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘উল্লেখ করার মতো সে রকম কোনো ঘটনা ঘটেনি।’