বাকেরগঞ্জে যুবলীগের নেতার চোখ উৎপাটনের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়ন যুবলীগের নেতা বাদশা খানের (৪২) দুই চোখ ধারালো অস্ত্র দিয়ে উৎপাটনের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ কাজে বাধা দেওয়ায় উপজেলার জিরাইল মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুস সাত্তার সিকদারকেও কুপিয়ে জখম করা হয়। গতকাল শুক্রবার সকালে বাকেরগঞ্জের জিরাইল বাজারে এ ঘটনা ঘটে।দুর্গাপাশা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. হানিফ তালুকদার প্রথম আলোকে বলেন, বাদশা দুর্গাপাশা ইউনিয়ন যুবলীগের সদস্য এবং তিন নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। একই সঙ্গে তিনি ইউনিয়নে গ্রামপুলিশের চাকরি করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ছয়টার দিকে দুর্গাপাশার জিরাইল বাজারে নাশতা খেতে যান বাদশা। এ সময় একই এলাকার দেলোয়ার সিকদার, রব খান ও কাইয়ুম খানসহ ১৫-২০ জন বাদশাকে তুলে বাজারের এক পাশে নিয়ে যায়। সেখানে তারা ধারালো অস্ত্র দিয়ে বাদশার দুই চোখ খুঁচিয়ে উৎপাটন করার চেষ্টা চালায়। একই সঙ্গে এলোপাতাড়ি পিটিয়ে পা ভেঙে দেয়। এ সময় আবদুস সাত্তার শিকদার বাধা দিলে দুর্বৃত্তরা তাঁকেও পিটিয়ে জখম করে। খবর পেয়ে বাকেরগঞ্জ থানার পুলিশ গিয়ে বাদশা ও সাত্তার শিকদারকে উদ্ধার করে। গুরুতর অবস্থায় বাদশাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাত্তার শিকদারকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।দুর্গাপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সালাম খান প্রথম আলোকে জানান, ‘পূর্বশত্রুতার জের ধরে বাদশার দুই চোখ উৎপাটনের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে এবং আমি হাসপাতালে পৌঁছে দিই।’ যোগাযোগ করা হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক আতাউর রহমান বলেন, ‘বাদশা খানের দুই চোখই ধারালো অস্ত্র দিয়ে উপড়ানোর চেষ্টা করা হয়েছে। মনে হচ্ছে, তাঁর ডান চোখ পুরোটাই নষ্ট হয়ে গেছে। অন্য চোখটির অবস্থাও ভালো নয়। পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।’বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, ‘গ্রাম চৌকিদার বাদশার চোখ খুঁচিয়ে ওঠানো হচ্ছে খবর পেয়ে আমরা দ্রুত সেখান থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। এ ব্যাপারে এখনো থানায় মামলা হয়নি।’