বরিশালের হিজলা উপজেলা পরিষদ নির্বাচনের দিন সহকারী রিটার্নিং কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের জন্য বরখাস্ত করা হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে ইসির সহকারী সচিব মো. আশফাকুর রহমান স্বাক্ষরিত একটি চিঠি বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদারের কাছে পাঠানো হয়। এতে ১৫ মার্চ হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ওই ঘটনায় প্রাথমিকভাবে অভিযুক্তকে দুই মাসের জন্য সাময়িক বরখাস্ত করতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে লাঞ্ছনার শিকার হিজলার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহিদুল ইসলামকে মামলা করারও নির্দেশ দেয় ইসি।
বরিশালের পুলিশ সুপার (এসপি) এ কে এম এহসান উল্লাহ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ইসির চিঠি পাওয়ার পরই ওসি মো. নুরুল ইসলামকে প্রাথমিকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে প্রতিবেদন তৈরি করে কমিশনে পাঠানো হবে। মামলার বিষয়টি ইসির এখতিয়ারভুক্ত।
লাঞ্ছনার শিকার কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার নির্দেশনা পেয়েছি। মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি প্রস্তুত করে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে।’