বাক্ ও বুদ্ধি প্রতিবন্ধী তবু মেলেনি ভাতা

এসমোতারার বয়স ২৪। জন্মের পর থেকেই কথা বলতে পারেন না। পা ছোট-বড় ও দুর্বল। কষ্ট করে হাঁটতে পারেন, অনেক সময় হামাগুড়ি দিয়েও চলেন। রয়েছে বুদ্ধিপ্রতিবন্ধিতাও। এরপরও তিনি প্রতিবন্ধী ভাতা পাননি।
এসমোতারার বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের তাঁতিপাড়া গ্রামে। তিনি মোজাফফর হোসেন ও হাছনা বানুর মেয়ে। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে তাঁতিপাড়ায় গিয়ে এসমোতারার দেখা মেলে।
হাছনা বানু বলেন, ‘এসমোতারা মাঝে মাঝে বাড়ি থেকে বেরিয়ে যায়। অনেক সময় তাকে খুঁজে পেতে দীর্ঘ সময় লাগে। আবার নিজে নিজেও ফিরে আসে। প্রতিবন্ধী হওয়ায় তাকে নিয়ে দুঃখে-কষ্টে জীবন পার করছি। যে সন্তানকে গর্ভে ধারণ করে রেখেছি, তাঁকে তো আর ফেলে দিতে পারি না।’
এসমোতারার বাবা মোজাফফর হোসেন বলেন, ‘আমি বৃদ্ধ মানুষ, মাঠে-ময়দানে কাজ করার মতো শরীরে অার শক্তি নাই। ছেলে ভ্যান চালিয়ে অভাবের সংসার কোনোমতে চালিয়ে নিচ্ছে। ভালো জায়গায় এসমোতারার চিকিৎসা করার মতো টাকা-পয়সা নেই। সে প্রতিবন্ধী ভাতা তো দূরের কথা, এ পর্যন্ত সরকারি কোনো সুযোগ-সুবিধাই পায়নি। চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যের কাছে গিয়েও পাত্তা পাইনি।’
ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাহবুবার রহমান বলেন, ‘এসমোতারার বিষয়টি আমার জানা ছিল না। তাই তাঁকে সরকারি সুযোগ-সুবিধা দিতে পারিনি। এ ছাড়া বরাদ্দ কম থাকায় সবার চাহিদা পূরণ করা সম্ভব হয়নি। তবে আগামী দিনে প্রতিবন্ধী ভাতাসহ সরকারি অনুদান পাওয়া গেলে অগ্রাধিকার ভিত্তিতে তাঁকে দেওয়া হবে।’
মন্মথপুর ইউপির চেয়ারম্যান আজগর আলী বলেন, তিনি নতুন চেয়ারম্যান। এসমোতারার বিষয়টি জানতেন না। বরাদ্দ এলে তাঁর ভাতার ব্যবস্থা করবেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান মণ্ডল বলেন, এসব বিষয় ইউপির মাধ্যমে হয়। তারপরও এ ব্যাপারে খোঁজ নেওয়া হবে।