বাক্কারের হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জের আবু বাক্কার সিদ্দিকের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর এলাকাবাসী। সমাবেশ থেকে আসামিদের গ্রেপ্তারে পুলিশকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।বেলা ১১টার দিকে শহরের শহীদ সাটু হল থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, বাক্কারের খুনিদের নাম উল্লেখ করে ঘটনার দিনই থানায় মামলা করা হয়। কিন্তু দুই সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ রহস্যজনক কারণে আসামিদের গ্রেপ্তার করছে না। অথচ আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। সমাবেশ শেষে পুলিশ সুপারকে একটি স্মারকলিপি দেওয়া হয়।প্রসঙ্গত, গত ২১ নভেম্বর জমি নিয়ে বিরোধের জেরে নাচোল উপজেলার ধরইল গ্রামে খুন হন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুর গ্রামের আবু বাক্কার সিদ্দিক। ওই দিনই বাক্কারের চাচা শামসুল হক বাদী হয়ে ৪৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে নাচোল থানায় একটি মামলা করেন।