বাক্প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দৃশ্য মুঠোফোনে
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বাক্প্রতিবন্ধী এক কিশোরী (১৬) প্রায় দেড় মাস আগে ধর্ষণের শিকার হয়৷ সালিস করে দেওয়ার কথা বলে আজ পর্যন্ত ধর্ষকের বিরুদ্ধে কোনো মামলা করতে দেওয়া হয়নি৷ উল্টো ধর্ষণের দৃশ্য মুঠোফোনে ছড়িয়ে দেওয়া হয়েছে৷
কিশোরীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল সন্ধ্যায় বৈশাখী মেলা থেকে বাড়ি ফিরছিল মেয়েটি৷ নাজিরপুরের মালিখালী ইউনিয়নের প্রান্ত মোহন্ত (২০) মেয়েটিকে তুলে নির্মাণাধীন একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করেন৷ এ সময় প্রান্তর বন্ধুরা ধর্ষণের দৃশ্য ভিডিও করেন৷ মেয়েটির কান্না শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে প্রান্ত ও তাঁর বন্ধুরা পালিয়ে যান৷
এ ঘটনায় মেয়েটির বাবা মামলা করতে চাইলে প্রান্তর দাদা প্রভাবশালী ননী গোপাল মোহন্ত মীমাংসার কথা বলে মামলা করতে নিষেধ করেন৷ তিনি লোক পাঠিয়ে ঘটনাটি চেপে যেতে মেয়েটির বাবাকে ভয়ভীতি দেখান৷ এরপর গত দেড় মাসেও ননী গোপাল মীমাংসার কোনো উদ্যোগ নেননি৷ সম্প্রতি মেয়েটির ধর্ষণের ভিডিওচিত্র এলাকার তরুণদের মুঠোফোনে ছড়িয়ে পড়ে৷
মেয়েটির বাবা জানান, তিনি দরিদ্র কৃষক৷ প্রান্তর পরিবার প্রভাবশালী হওয়ায় ও মানসম্মানের ভয়ে তিনি প্রথমে বিষয়টি চেপে যান৷ কয়েক দিন আগে তিনি জানতে পারেন, তাঁর মেয়ের ধর্ষণের ভিডিওচিত্র মুঠোফোনে ছড়িয়ে দেওয়া হয়েছে৷ এরপর তিনি গত সোমবার মেয়েকে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গিয়ে এ ঘটনার বিচার চান৷ ইউএনও ঘটনাটি শুনে মামলা করার পরামর্শ দেন৷ এ সময় সেখানে উপস্থিত মালিখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুমন মণ্ডল বিষয়টি মীমাংসা করে দেওয়ার জন্য সময় চেয়ে মেয়েটির বাবার কাছ থেকে লিখিত অভিযোগ নেন৷
ঘটনার পর থেকে প্রান্ত এলাকা ছেড়ে চলে গেছেন৷ প্রান্তর বাবা তাপস মোহন্ত ও দাদা ননী গোপাল মোহন্তের মুঠোফোনে গতকাল কয়েকবার ফোন দিলেও তাঁরা ধরেননি৷
মালিখালী ইউপি চেয়ারম্যান সুমন মণ্ডল বলেন, ‘মেয়েটির বাবা আমার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন৷ আমি বিষয়টি মীমাংসার চেষ্টা করছি৷’ এ ধরনের অপরাধের বিচার করার ক্ষমতা ইউনিয়ন পরিষদের আছে কি না জানতে চাইলে তিনি এড়িয়ে যান৷ ইউএনও মৃণাল কান্তি দে বলেন, ‘মেয়েটিকে নিয়ে তার বাবা আমার কাছে এসেছিলেন৷ আমি তাঁকে মামলা করার পরামর্শ দিয়েছি৷’
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক হাওলাদার জানান, ধর্ষণ ও এর দৃশ্য মুঠোফোনে ছড়ানোর ঘটনাটি তিনি জানেন না৷ লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন৷