বাক্প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলায় গত বৃহস্পতিবার রাতে বাক্প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, তিন দিন ধরে বাক্প্রতিবন্ধী ওই নারী খগাখড়িবাড়ি ইউনিয়নের দোহলপাড়া বাজারে ঘোরাফেরা করছিলেন। বৃহস্পতিবার রাতে দোহলপাড়া বাজারে বাক্প্রতিবন্ধী ওই নারীকে ধর্ষণ করেন তাঁরা। পরে ওই নারীর চিৎকারে স্থানীয় ব্যক্তিরা ছুটে এসে তাঁদের আটক করে পুলিশে খবর দেন। আনুমানিক ২৩ বছর বয়সী বাক্প্রতিবন্ধী ওই নারী নিজের ও গ্রামের নাম ছাড়া পুরো ঠিকানা বলতে পারেন না। এ ঘটনায় ওই দুজনকে আসামি করে খগাখড়িবাড়ি ইউনিয়নের গ্রাম পুলিশের দফাদার আবদুল লতিফ বাদী হয়ে গতকাল শুক্রবার দুপুরে থানায় একটি মামলা করেছেন।
ডিমলা থানার উপপরিদর্শক (এসআই) শাহাবুদ্দিন আহম্মেদ বলেন, ওই নারীকে ধর্ষণের অভিযোগে গতকাল দুপুরে গ্রাম পুলিশের দফাদার লতিফ বাদী হয়ে দুজনকে আসামি করে থানায় মামলা করেছেন। ধর্ষণের শিকার ওই নারী পুলিশ হেফাজতে আছেন। ডাক্তারি পরীক্ষার জন্য আজ শনিবার তাঁকে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে পাঠানো হবে।