বাক্প্রতিবন্ধী শিশুটি বাবা-মায়ের কাছে ফিরতে ব্যাকুল
শিশুটির বয়স ১০ বছর হবে। বাক্প্রতিবন্ধী। দুই মাসের বেশি সময় ধরে সে রংপুরের শেখ রাসেল ঝুঁকিপূর্ণ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে আছে। শিশুটির বাবা-মাকে খুঁজে না পাওয়ায় তাকে এ পুনর্বাসন কেন্দ্রে রেখেছে পুলিশ।
তারাগঞ্জ থানার ওসি তাপস সরকার বলেন, গত ২৪ আগস্ট সন্ধ্যায় তারাগঞ্জ উপজেলার ডাঙ্গীরহাট বাজারে বসে শিশুটি কান্নাকাটি করছিল। এ অবস্থায় হাড়িয়ারকুঠি ইউনিয়নের খলেয়া গ্রামের বছির উদ্দিন তাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসেন। কথা বলতে না পারায় শিশুটির কাছ থেকে ঠিকানা জানতে না পেরে তাকে ৩০ আগস্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন তিনি। পরদিন পুলিশ শিশুটিকে ওই পুনর্বাসন কেন্দ্রে পাঠায়।
পুনর্বাসন কেন্দ্রের শিক্ষক সাদেক হোসেন গতকাল রোববার মুঠোফোনে বলেন, শিশুটি ইশারা-ইঙ্গিত ও কাগজে লিখে জানিয়েছে, তার নাম সাগর ওরফে আবু হাসান। বাবা আব্বাস উদ্দিন ও মা কেছুয়ানি বেগম। কিন্তু সে নিজের ঠিকানা জানাতে না পারায় তাকে বাবা-মায়ের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না। শিশুটি বাবা-মায়ের কাছে যাওয়ার জন্য কান্নাকাটি করছে বলে জানান শিক্ষক সাদেক হোসেন।