বাক্স থেকে দরপত্র উধাও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে পছন্দের ঠিকাদারকে প্রায় ১০ কোটি টাকার কাজ পেতে সহায়তা করার অভিযোগ পাওয়া গেছে। এ জন্য বাক্স থেকে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানের দরপত্রও সরিয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এলজিইডি ঠাকুরগাঁও কার্যালয় সূত্রে জানা গেছে, এলজিইডির ঠাকুরগাঁও কার্যালয়ের অধীনে পীরগঞ্জের টাঙ্গন নদীতে নয় কোটি ৬০ লাখ টাকার রাবার ড্যাম নির্মাণের জন্য গত মাসে দরপত্র আহ্বান করা হয়। ২৯ জুন দরপত্র জমা দেওয়ার শেষ দিনে ঠাকুরগাঁওয়ের এলজিইডি, পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কার্যালয়সহ পাঁচটি কার্যালয়ে সিলগালা করা দরপত্র ফেলার জন্য বাক্স রাখা হয়।গত মঙ্গলবার সকাল ১০টায় গোলাম সারোয়ার অ্যান্ড সন্স নামের ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা দরপত্র জমা দেওয়ার জন্য ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়ে যান। তাঁরা দরপত্রের প্যাকেট বাক্সের মুখ দিয়ে ফেলতে না পেরে বিষয়টি ওই কার্যালয়ের কর্মকর্তাদের জানান। পরে ওই কার্যালয় থেকে বিষয়টির সমাধানের জন্য এলজিইডি কার্যালয়ে ফোন করা হয়। সেই ফোন পেয়ে সহকারী প্রকৌশলী মিজানুর রহমানসহ কয়েকজন কর্মকর্তা পুলিশ সুপারের কার্যালয়ে যান। তাঁরা সেখানে তাঁদের কার্যালয়ের ইউডি হোসেন আলী ও মিকচার মেশিন ড্রাইভার লোকমান আলীকে দিয়ে সিলগালা করা তালা খুলে গোলাম সারোয়ার অ্যান্ড সন্সের দরপত্রের প্যাকেট বাক্সে ঢোকান।ঠিকাদারেরা অভিযোগ করেন, বেলা একটার পর দরপত্র বাক্স খোলা হলে এলজিইডির কার্যালয়ে চারটি ও পুলিশ সুপারের কার্যালয়ের বাক্সে মাত্র একটি দরপত্র পাওয়া যায়। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠান মোকলেছুর রহমান প্রাইভেট লিমিটেডের পক্ষে জাকারিয়া প্রামাণিক, নজরুল ইসলাম প্রাইভেট লিমিটেডের পক্ষে অজয় কুমার ও এসকে কনস্ট্রাকশনের পক্ষে সজীব দত্ত দাবি করেন, তাঁরা পুলিশ সুপারের কার্যালয়ের বাক্সে দরপত্র জমা করেছিলেন। কিন্তু দর বিশ্লেষণ করার সময় সেগুলো পাওয়া যায়নি।মঙ্গলবার বিকেলে দরপত্র বিশ্লেষণ করার পর দেখা যায়, গোলাম সারোয়ার অ্যান্ড সন্স সর্বনিম্ন দর দিয়েছে। তাই নিয়মানুযায়ী ওই ঠিকাদারি প্রতিষ্ঠানেরই কাজ পাওয়ার কথা। এ ঘটনায় মোকলেছুর রহমান প্রাইভেট লিমিটেড, নজরুল ইসলাম প্রাইভেট লিমিটেড ও এসকে কনস্ট্রাকশনের পক্ষ থেকে রাতে ঠাকুরগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, নির্বাহী প্রকৌশলী পছন্দের ঠিকাদারকে কাজ পেতে সহায়তা করতে বাক্স খুলে তাদের দাখিল করা দরপত্র ও দরপত্রের সঙ্গে সংযুক্ত প্রয়োজনীয় সিডিআর গায়েব করেছেন।সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, তাঁরা পুলিশ সুপারের কার্যালয়ে রাখা দরপত্র বাক্সে অন্য কোনো দরপত্র দেখতে পাননি।নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম পুলিশ সুপারের কার্যালয়ে লোক পাঠিয়ে সিলগালা ভেঙে গোলাম সারোয়ার অ্যান্ড সন্সের দরপত্র জমার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি দাবি করেন, তাঁর পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার জন্য তিনি ওই কাজ করেননি।