বাক্সবন্দী অবস্থায় ছাত্রকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের পর হাত, পা ও মুখ বেঁধে একটি কক্ষের ভেতরে কাঠের বাক্সে বন্দী করা হয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রবিনকে (২২)। দাবি করা হয়েছিল ৫০ লাখ টাকা। টানা চার দিন ওই অবস্থায় থাকার পর গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁকে উদ্ধার করেছে র‌্যাব-৪-এর সদস্যরা।
উদ্ধারের পর রবিনকে সাভারের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে। তিনি ভালোভাবে কথা বলতে পারছেন না বলে র‌্যাব জানিয়েছে।
রবিন ঢাকার সাভারের নগরকোন্ডা গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি প্রাইম বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
র‌্যাব-৪ সাভার ক্যাম্প সূত্র জানায়, তজবি (সম্ভবত নকল নাম) নামের এক ব্যক্তি ও তাঁর কথিত স্ত্রী মাস তিনেক আগে রবিনদের বাসা ভাড়া নেন। চলতি মাসে তাঁরা ওই বাসা ছেড়ে জয়নাবাড়ি ব্যাপারীপাড়া এলাকায় এজাজ হানিফের বাসার নিচতলার একটি ফ্ল্যাট ভাড়া নেন। ভাড়াটে হিসেবে পরিচয়ের সূত্র ধরে কথিত তজবি গত রোববার বিকেলে রবিনদের বাসায় যান। এরপর বেড়ানোর কথা বলে রবিনকে নিয়ে জয়নাবাড়িতে তাঁর নতুন ফ্ল্যাটে যান। সেখানে রবিনের হাত-পা ও মুখ বেঁধে একটি কাঠের বাক্সে ভরে একটি কক্ষের ভেতর আটকে রাখে। এরপর রবিনের স্বজনদের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করতে থাকেন। পরের দিন বিষয়টি তাদের জানানো হলে প্রযুক্তির সাহায্য নিয়ে র‌্যাব রবিনকে উদ্ধার করেন। জিজ্ঞাসাবাদের জন্য হানিফের স্ত্রীসহ দুজনকে আটক করে র‌্যাব।
র‌্যাব-৪ সাভার ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, বন্দিদশা থেকে মুক্ত হওয়ার পর রবিন তাঁদের জানিয়েছেন, কাঠের বাক্সে বন্দী করার পর মলমূত্র ত্যাগের জন্য বাক্সের ভেতরে একটি বালতি দেওয়া হয়েছিল। তাঁকে এক থেকে দুইবার খাবার দেওয়া হতো। টানা পাঁচ দিন আটকা থাকায় রবিন অসুস্থ হয়ে পড়েছেন।