ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে ও ইসিজি যন্ত্র থাকলেও টেকনিশিয়ান না থাকায় সেগুলো চালানো যাচ্ছে না। গত এক বছর আগে হাসপাতালে সরবরাহের পর থেকেই এগুলো পড়ে রয়েছে কক্ষবন্দী হয়ে। অ্যাম্বুলেন্স থাকলেও সেটি প্রায় নষ্ট থাকে। ফলে রোগী পরিবহনেও সংকট দেখা দিচ্ছে। লোকবলের অভাবে স্বাস্থ্য কমপ্লেক্সে যথাসময়ে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে না।
উপজেলা স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা গেছে, টেকনিশিয়ান না থাকায় এক্স-রে ও ইসিজি যন্ত্রগুলো এখনো বাক্সবন্দী পড়ে আছে। এ ছাড়া হাসপাতালের প্যাথলজি বিভাগে চিকিৎসক ও টেকনোলজিস্টের পদে লোকবল কম থাকায় রোগীরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও করতে পারছেন না। এ কারণে অনেক রোগীকে বাধ্য হয়ে বেসরকারি রোগ নির্ণয়কেন্দ্রে যেতে হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ৫১ শয্যাবিশিষ্ট ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স এখনো চলছে ৩১ শয্যার জনবলকাঠামো দিয়ে। ৩১ শয্যার কাঠামো অনুযায়ী হাসপাতালে ৩০ জন চিকিৎসকের পদ থাকার কথা। তবে এর মধ্যে পাঁচটি পদ শূন্য। ১২ জন নার্সের বিপরীতে সাতটি পদ শূন্য। চতুর্থ ও তৃতীয় শ্রেণির ১৩৩টি পদের বিপরীতে ১৯টি পদে লোকবল নেই।
জানা গেছে, হাসপাতালে প্যাথলজি (রোগ নির্ণয়) বিভাগে তিনজন চিকিৎসক ও তিনজন টেকনিশিয়ান থাকার কথা। তবে বর্তমানে কর্মরত আছেন একজন চিকিৎসক ও একজন টেকনিশিয়ান। এ জন্য রোগীরা হাসপাতালে সব সময় রোগ নির্ণয়ের প্রয়োজনীয় পরীক্ষা করতে পারেন না।
সুয়াবিল গ্রাম থেকে আসা জাকারিয়া সিকদার অভিযোগ করে বলেন, ‘জ্বর ও শরীরে ব্যথা নিয়ে স্ত্রীকে ২৪ জানুয়ারি হাসপাতালে ভর্তি করাই। চিকিৎসক তাঁকে এক্স-রে, রক্ত ও প্রস্রাব পরীক্ষা করতে বলেন। কিন্তু হাসপাতালে এসব পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকায় বিপদে পড়ি। বাধ্য হয়ে ৭৫০ টাকা খরচ করে পরদিন একটি ডায়াগনস্টিক সেন্টারে এসব পরীক্ষা করিয়েছি।’
হাসপাতালের প্যাথলজিস্ট শিমুল শর্মা বলেন, ‘আমি কোনো রোগীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য বাইরে পাঠাই না। হয়তো সময়ের অভাবে তাদের বলি আজ টেস্ট হবে না, কাল আসেন। আমি তো একা পরীক্ষা-নিরীক্ষা করি। আমার কার্যালয়ে তিনটি পদের বিপরীতে আমাকে একা সব সামলে নিতে হয়। খুবই কষ্ট হয়।’
স্বাস্থ্য কমপ্লেক্সের একটি অ্যাম্বুলেন্স থাকলেও তা নষ্ট থাকে প্রায় সময়ই। এ কারণে রোগীদের দুর্ভোগ পোহাতে হয়। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স পায় না রোগীরা।
উপজেলার নানুপুর গ্রামের আকিল উদ্দিন বলেন, ১৮ জানুয়ারি তাঁর তিন মাস বয়সের মেয়ে জেসমিনের নিউমোনিয়া হলে এই স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করান। পরদিন অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেন। ওই সময় হাসপাতালের অ্যাম্বুলেন্স নষ্ট থাকায় সঠিক সময়ে নিতে না পারায় যাত্রাপথেই তাঁর মেয়ে মারা যায়।
অ্যাম্বুলেন্সের চালক তুষার কান্তি দেব জানান, অ্যাম্বুলেন্সটি প্রায়ই নষ্ট থাকে। কয়েক দিন আগে গিয়ার বক্স ও বেয়ারিং নষ্ট হয়ে গেছে। অ্যাম্বুলেন্সটি সচল করা হলে অনেক রোগীর দুর্ভোগ কমবে।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এস এইচ রাশেদুল আলম বলেন, ‘হাসপাতালের নানা সমস্যা রয়েছে। কোনো বিভাগে লোকবল আছে, কিন্তু থাকলে যন্ত্রপাতি নেই। আবার কোনো বিভাগে যন্ত্রপাতি থাকলেও লোকবল নেই। এসব সমস্যা দূর করার চেষ্টা করেও পারছি না।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, টাকা বরাদ্দ না থাকায় অ্যাম্বুলেন্সটি মেরামত করা যাচ্ছে না। এক্স-রে ও ইসিজি যন্ত্র চালু করার জন্য জনবল নিয়োগ দেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।