বাক্সবন্দী থেকে কক্ষবন্দী
পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য এক্স-রে যন্ত্রটি দিয়েছিল ২০০৪ সালে। কিন্তু কক্ষ না থাকায় সেটি তখন চালু করা যায়নি। এরপর যন্ত্রটি বাক্সবন্দী ছিল ২০১২ সাল পর্যন্ত। ওই বছর যন্ত্রটি বসানোর জন্য একটি কক্ষ নির্মাণ করা হয়। সে বছরের ১৮ জুন যন্ত্রটি স্থাপন করা হলেও মনিটরিং বোর্ড নষ্ট থাকায় সেটি চালু করা যায়নি। এরপর থেকে যন্ত্রটি কক্ষবন্দী হয়ে পড়ে আছে।
এক্স-রে যন্ত্র চালানোর জন্য একজন রেডিওলজিস্ট থাকলেও তিনি অলস সময় কাটাচ্ছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের রেডিওলজিস্ট সোহেল চাকমা জানান, প্রকৌশলী জানিয়েছেন যন্ত্রটির মনিটরিং বোর্ড নষ্ট হয়ে গেছে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ২০১২ সালের ১৮ জুন ট্রান্সমেড লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান এক্স-রে যন্ত্রটি স্থাপন করে। ওই প্রতিষ্ঠানের প্রকৌশলীরা জানান, যন্ত্রটির ডিজিটাল মনিটরিং বোর্ড সম্পূর্ণ অকেজো হয়ে যাওয়ায় সেটি চালু করা সম্ভব হচ্ছে না। ২০১৩ সালের ৩০ ডিসেম্বর কেন্দ্রীয় ঔষধাগারের সহকারী পরিচালক খন্দকার এ টি এম ফরহাদ হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে মনিটরিং বোর্ড স্থাপনের জন্য ট্রান্সমেড লিমিটেডকে কার্যাদেশ দেওয়া হয়। এ জন্য সময় দেওয়া হয় এক মাস। কিন্তু চার মাসেও মনিটরিং বোর্ডটি স্থাপন করতে পারেনি প্রতিষ্ঠানটি।
এ প্রসঙ্গে ট্রান্সমেড লিমিটেডের প্রকৌশলী মো. সোলায়মান বলেন, দীর্ঘদিন ধরে পড়ে থাকায় এক্স-রে যন্ত্রটির ডিজিটাল মনিটরিং বোর্ড নষ্ট হয়ে গেছে। যন্ত্রটি কোরিয়ার তৈরি। তিনি বলেন, ‘মনিটরিং বোর্ডটি এখানে পাওয়া যাচ্ছে না। আমরা এক্স-রে যন্ত্রটির প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে বোর্ড আনার চেষ্টা করছি। সেটি এলেই যন্ত্রটি চালু করা হবে।’