বাক্স্বাধীনতা ছাড়া গণতন্ত্র হয় না: আইরিন খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেইলি স্টার সেন্টারে গতকাল বক্তৃতা দেন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশনের মহাপরিচালক আইরিন জেড খান l প্রথম আলো
ডেইলি স্টার সেন্টারে গতকাল বক্তৃতা দেন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশনের মহাপরিচালক আইরিন জেড খান l প্রথম আলো

গণমাধ্যমের শক্তি অনেক বেশি। এই শক্তি গণমাধ্যমকে দাবিয়ে রাখার শক্তিকে সব সময়ই অতিক্রম করে। কেননা, মুক্ত গণমাধ্যম ও বাকস্বাধীনতা ছাড়া উন্নয়ন ও গণতন্ত্র হয় না। গণতান্ত্রিক দেশে মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকলে তা রাজনৈতিক নেতৃত্বকে পরিবর্তন করে, সাংবাদিকেরা মানুষের জন্য তথ্য প্রকাশ করতে পারেন এবং এর ফলে মানুষের কাছে সরকারের জবাবদিহি নিশ্চিত হয়।
ডেইলি স্টার-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে গতকাল সোমবার বিকেলে ডেইলি স্টার সেন্টারে পত্রিকাটির আয়োজনে ‘মানবাধিকার ও মুক্ত গণমাধ্যম: উন্নয়নের সহায়ক অথবা অন্তরায়’ শীর্ষক একক বক্তৃতায় ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশনের মহাপরিচালক আইরিন জেড খান এ কথা বলেন। তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপের মুক্ত গণমাধ্যমের ইতিহাস তুলে ধরেন। পাশাপাশি উন্নয়নশীল দেশের ও বাংলাদেশের গণমাধ্যম নিয়েও আলোচনা করেন।
আইরিন খান বলেন, গণতান্ত্রিক সমাজে গণমাধ্যম ও ব্যক্তি কোনটি বলবে আর কোনটি বলতে পারবে না, সেটা কোনোভাবেই সরকার নির্ধারণ করতে পারে না। উন্নয়ন, মুক্ত গণমাধ্যম ও মানবাধিকার আলাদা কোনো বিষয় নয়। মুক্ত গণমাধ্যম মানুষের জন্য ভালো। এটা সরাসরি সরকারকে সহায়তা করে। যেসব দেশে গণমাধ্যম স্বাধীন নয়, তারা দেশের ভেতরের অনেক বিষয়ই জানতে পারে না। উদাহরণ হিসেবে তিনি বলেন, গণমাধ্যম স্বাধীনতা ভোগ না করায় চীনে এইডস ও বেবি ফুড সম্পর্কে মানুষের ধারণা কম ছিল। ফলে সেখানকার মানুষকে খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ সরকারকে অন্ধকারে রাখে। তিনি বাংলাদেশে তথ্য অধিকার আইনের প্রশংসা করেন।
মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক এই মহাপরিচালক বলেন, গণমাধ্যমের শক্তিতে নিয়ন্ত্রণ আরোপ নয়, বরং গণমাধ্যমে প্রসারে সুযোগ করে দিতে হবে। বেশি বেশি সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়ার প্রয়োজন আছে, গণমাধ্যমকে বেশি বেশি স্বাধীনতা দিতে হবে। পাঠকের ওপর ছেড়ে দিতে হবে সে কোনো গণমাধ্যমকে গ্রহণ করবে বা বিশ্বাস করবে। যেমনটা ভোটের সময় মানুষ নিজের পছন্দমতো সরকারকে বেছে নেয়। তবে তিনি এ-ও বলেন, অন্য যেকোনো সময়ের তুলনায় গণমাধ্যম এখন অনেকে স্বাধীনতা ভোগ করে। অনেক সময় খারাপ কিছুও করে থাকে। তা ছাড়া ব্যক্তিমালিকানার গণমাধ্যম এখন ভাবাচ্ছে। কেননা, অল্প কিছু মানুষের হাতে গণমাধ্যমের মালিকানা চলে যাচ্ছে। তবে গণমাধ্যমের স্বাধীনতা কোনোভাবেই জবাবদিহির বাইরে নয়। গণমাধ্যমকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, পাঠকের কাছে তার কাজের জবাব দিতে হবে।
গণমাধ্যম কীভাবে বিভিন্ন ধরনের চাপ সামাল দিয়ে মুক্তভাবে কাজ করবে—এ প্রশ্নে আইরিন খান বলেন, সব সময়ই গণমাধ্যমের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষ চাপ থাকবে। কিন্তু গণমাধ্যমকে তার অবস্থানে অনড় থাকতে হবে। পাঠকের কাছে যেতে হবে।
বিজ্ঞাপনের চাপের কারণে গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন হয় কি না, এমন প্রশ্নের উত্তর দেন ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম। তিনি বলেন, বিজ্ঞাপনের দরকার আছে। কেননা, এখান থেকেই আয় হয়। তবে এ কারণে কোনো গণমাধ্যম ওই প্রতিষ্ঠানগুলোর স্বার্থে কাজ করলে তখন পাঠকেরা পত্রিকাটি পড়বেন না। আর পাঠক না পড়লে তখন বিজ্ঞাপনও আসবে না। অবশ্য আইরিন খান এ প্রসঙ্গে বলেন, গণমাধ্যম একটি ব্যবসাপ্রতিষ্ঠান। তাঁকে লাভ করতে হয়। আয় করতে হয়।