ফেনীতে গ্যাস-সংকট তীব্র আকার ধারণ করেছে। গ্রাহকদের অভিযোগ, গ্যাসের চাপ কম থাকায় ঠিকমতো চুলা জ্বলছে না। গ্যাসের সমস্যা সমাধানের দাবিতে গতকাল রোববার সকালে গ্রাহকেরা ফেনীতে বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেড কার্যালয় ঘেরাও করেন।
এর আগে গত ২৮ জুন গ্রাহকেরা গ্যাস-সংকটের সমাধানের দাবিতে ফেনীর বাখরাবাদ গ্যাস কার্যালয় ঘেরাও করেছিলেন।
ফেনী সদর উপজেলার পাছগাছিয়া ইউনিয়নের ছোট ধলিয়া গ্রামের গৃহিণী ছকিনা খাতুন বলেন, সকাল ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্যাসের চাপ থাকে না। ছেলেমেয়েদের দোকান থেকে নাশতা কিনে খাওয়াতে হয়।
ফেনী বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আবদুল কাদের বলেন, ফেনীতে গ্যাসের চাহিদা ১০ মিলিয়ন ঘনফুট, কিন্তু পাওয়া যায় ৫ মিলিয়ন ঘনফুট। তা ছাড়া অনেক পুরোনো সঞ্চালন লাইনের কারণেও কিছুটা সমস্যা হয়। বিষয়টি সমাধানের চেষ্টা হচ্ছে। তা ছাড়া অবৈধ গ্যাসলাইন উচ্ছেদে অভিযান অব্যাহত আছে।