বাখরাবাদ গ্যাসক্ষেত্র থেকে নতুন করে গ্যাস উত্তোলন শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার বাখরাবাদ গ্যাসক্ষেত্রের নয় নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু করেছে রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্স। এটি গ্যাসক্ষেত্রের নতুন একটি কূপ। আজ রোববার সকাল থেকে এই কূপের মাধ্যমে এক কোটি ২০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে।
বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ বাকী বিষয়টি নিশ্চিত করে জানান, বাখরাবাদ গ্যাসক্ষেত্রটি একেবারে প্রান্তিক পর্যায়ে চলে গিয়েছিল। ১৯৯০-৯৫ সালে ক্ষেত্রটি থেকে নির্ধারিত মাত্রার চেয়ে অনেক বেশি গ্যাস উত্তোলন করা হয়। তখন গ্যাসের সঙ্গে পানি ও ধুলাবালি উঠতে শুরু করে। এতে বাধ্য হয়ে ক্ষেত্রটি থেকে উত্তোলন অনেক কমিয়ে দেওয়া হয়। এরপর বাপেক্স ক্ষেত্রটিতে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ চালিয়ে নতুন একটি গ্যাসস্তরের সন্ধান পায়। এই স্তরের নয় নম্বর কূপের মাধ্যমে আজ গ্যাস তোলা শুরু হয়েছে।