বাখরাবাদে নতুন কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বাখরাবাদ গ্যাস ক্ষেত্রে নতুন খনন করা ৯ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু করেছে রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্স। গতকাল রোববার সকাল থেকে এই কূপের মাধ্যমে এক কোটি ২০ লাখ ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে।রাষ্ট্রীয় অন্যতম উত্তোলন কোম্পানি বাংলাদেশ গ্যাস ফিল্ডস লিমিটেডের (বিজিএফসিএল) পরিচালনাধীন বাখরাবাদ গ্যাস ক্ষেত্র একেবারে প্রান্তিক পর্যায়ে চলে গিয়েছিল। ১৯৯১-৯৫ সময়ে ক্ষেত্রটি থেকে নির্ধারিত পরিমাণের চেয়ে অনেক বেশি গ্যাস উত্তোলন করায় গ্যাসের সঙ্গে পানি ও ধুলাবালি উঠতে শুরু করে। তখন বাধ্য হয়ে ক্ষেত্রটি থেকে উত্তোলন অনেক কমানো হয়।নতুন কূপ খননের আগে ক্ষেত্রটির আগের আটটি কূপের মধ্যে তিনটি একেবারে বন্ধ করে দিতে হয়। অন্য পাঁচটি কূপ থেকে প্রতিদিন মাত্র তিন কোটি ঘনফুট গ্যাস তোলা হচ্ছিল। এখনো ক্ষেত্রটি থেকে দৈনিক ওই পরিমাণ গ্যাসই পাওয়া যাচ্ছে। এ অবস্থায় গত বছর বাপেক্স ক্ষেত্রটিতে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ চালায়। এতে ক্ষেত্রটির একটি নতুন স্তরে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাসের সন্ধান পাওয়া যায়। জরিপের চূড়ান্ত প্রতিবেদন এখনো প্রকাশ করা না হলেও ওই জরিপের ভিত্তিতেই স্থান ও গভীরতা নির্ধারণ করে খনন করা নতুন কূপটিতে গ্যাস পাওয়া গেল।জানতে চাইলে বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, পরীক্ষার (ড্রিল স্টেম টেস্ট বা ডিএসটি) পর্যায়ে কূপটিতে প্রায় দুই হাজার পিএসআই (প্রতি বর্গ ইঞ্চিতে দুই হাজার পাউন্ড) পর্যন্ত গ্যাসের চাপ পাওয়া গেছে। খুব শিগগির কূপটি থেকে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। কেননা, ওখানে পাইপলাইন, প্রক্রিয়াকরণ প্ল্যান্ট প্রভৃতি সবই বিদ্যমান আছে।সংশ্লিষ্ট ভূতত্ত্ববিদ ও প্রকৌশলীরা বলেন, পরীক্ষার পর্যায়ে কূপটিতে গ্যাসের যে চাপ পাওয়া গেছে তাতে কূপটি থেকে দৈনিক দেড় কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। বাখরাবাদে গ্যাস পাওয়ার আরেকটি সুবিধাজনক দিক হলো, ওই গ্যাস চট্টগ্রামে সরবরাহ করা যাবে, যেখানে চাহিদার অর্ধেক গ্যাসও দেওয়া যাচ্ছে না। ফলে সেখানে বিদ্যুৎ, সার ও শিল্প উৎপাদন দারুণভাবে ব্যাহত হচ্ছে।বাখরাবাদে ৯ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হওয়ায় বর্তমান সরকারের আমলে জাতীয় গ্রিডে নতুন গ্যাস সরবরাহের পরিমাণ দৈনিক প্রায় ৫৫ কোটি (৫৫০ মিলিয়ন) ঘনফুটে উন্নীত হলো। তবে চাহিদা ও সরবরাহের মধ্যে এখনো ব্যবধান প্রায় ৪৫ কোটি ঘনফুট। এই ব্যবধান কমাতে রাশিয়ার কোম্পানি গ্যাজপ্রম এবং রাষ্ট্রীয় কোম্পানি বাপেক্স আরও ১২টি নতুন কূপ খনন ও কয়েকটি কূপের সংস্কারকাজ (ওয়ার্কওভার) চালাচ্ছে।এ ছাড়া আমেরিকান কোম্পানি শেভরনও বিবিয়ানা ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন বাড়াচ্ছে। পেট্রোবাংলার পরিকল্পনা অনুযায়ী এসব কাজ সম্পন্ন হলে আগামী বছরের শেষ নাগাদ দেশে প্রতিদিন গ্যাস সরবরাহের পরিমাণ ৩০০ কোটি ঘনফুট ছাড়িয়ে যাবে। বর্তমানে দৈনিক সরবরাহ ২২৫ কোটি ঘনফুটের মতো।